ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘুর্ণিঝড় 'বিজলী' উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে আরো উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম-কক্সবাজার উপক'ল অতিক্রম করতে পারে।
রাত আটটায় আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে এ কথা বলা হয়েছে।
ইতমধ্যে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে উপক'লীয় জেলা কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ভোলায় দমকা/ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে।
চট্টগ্রাম সমুদ্রবন্দরকে সাত, কক্সবাজার সমুদ্র বন্দরকে ছয় এবং মংলা সমুদ্র বন্দরকে পাঁচ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, চাঁদপুর জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
আর কক্সবাজার এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোকে ছয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
ওই বুলেটিনে বলা হয়, সন্ধ্যা ছয়টায় ঘুর্ণিঝড় 'বিজলী' চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
ঘুর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৭০ কি.মি. যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৯০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের চারপাশে সাগর উত্তাল রয়েছে।
উপক'লীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় ভারী বর্ষণসহ ঘন্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকা ঘূর্ণিঝড়ের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
শুক্রবার সকাল নয়টা থেকে উপকূলীয় জেলাগুলোতে নৌ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া পটুয়াখালী ও ভোলায় সকাল থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। ঘুর্ণিঝড় মোকাবিলায় ভোলার সব উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসি/জিএনএ/এএনএস/এইচএ/২০১০ঘ.
bdnews24