ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চারদিনব্যাপী বাংলাদেশ প্রমাণ্যচিত্র উৎসব।
বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ আয়োজিত 'প্রামাণ্যচিত্রে বাংলাদেশ-৩' শীর্ষক এ উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক কবীর চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রামাণ্যচিত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যায়না। জাতি হিসেবে আমাদের ইতিহাসের ধারাবাহিকতা রয়েছে। আর প্রামাণ্যচিত্র এ ইতিহাসকে খুব সুন্দর ও পরিশীলিতভাবে সংরক্ষণ করতে পারে।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয় চিত্রগ্রাহক মাকসুদুল বারীকে।
কবীর চৌধুরী তার হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।
বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী জানান, ২০০৪ সাল থেকে এ উৎসবের আয়োজন হয়ে আসছে। তৃতীয় বারের মতো এ উৎসব হচ্ছে। এবার ৭০টি ছবি থেকে বাছাই করা ৪০ টি ছবি তিনটি বিভাগে প্রদর্শিত হবে।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন প্রামাণ্যচিত্র পর্ষদের সভাপতি ফওজিয়া খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রামাণ্যচিত্র পর্ষদের উপদেষ্টা মানজারেহাসিন মুরাদ।
প্রদর্শনীর বাছাই কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মানজারেহাসিন মুরাদ, মঈনুল হুদা, মফিদুল হক, নারগিস জাহান, শামীম রেজা ও শবনম ফেরদৌসী।
উৎসব চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।
প্রমাণ্যচিত্র উৎসব ২০০৯ এর মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এবিসি রেডিও এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/০০১০ঘ.
bdnews24