মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা পরিষদের পর এবার জেলা পরিষদ নির্বাচনের কথা ভাবছে সরকার। চলতি বছরেই এই নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে।
এছাড়া একই সময়ের মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনও করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সৈয়দ আশরাফুল সাংবাদিকদের বলেন, "সরকারের জন্য এ বছরটি হবে নির্বাচনের বছর। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সরকার সব নির্বাচন শেষ করার প্রস্তুতি নিচ্ছে। এজন্য প্রয়োজনে কিছু কিছু আইনে সংশোধন আনা হবে। যেসব অসামঞ্জস্যতা রয়েছে, তা দূর করে নির্বাচন শেষ করা হবে।"
তিনি আরও বলেন, "উপজেলা নির্বাচনের পর সরকার এখন সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ দুটি আইনে কিছু অসামঞ্জস্যতা রয়েছে। এসব দূর করা হবে। এক্ষেত্রে সিটি করপোরেশনগুলোতে মেয়র ও কমিশনারদের একচ্ছত্র ক্ষমতাও কমানো হবে। সরকারের কাছে তাদের জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করা হবে।"
পৌরসভা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) আয়ের উৎস নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, "পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর নিজস্ব আয়ের কোনো উৎস নেই। তাদের যে কোন বাজেটের জন্য সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। ফলে স্বাধীন বলা হলেও এসব প্রতিষ্ঠানের স্বাধীন থাকার কোন সুযোগ থাকে না। তাই সরকার এসব প্রতিষ্ঠানের নিজের আয়ের উৎস্য নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।"
পৌরসভা ও ইউপিগুলোকে খাজনা ও ইজারা ফি আদায়সহ আয়ের উৎস নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, "এসব খাত থেকে আদায় করা অর্থ দিয়ে প্রতিষ্ঠানগুলো সেবাসহ বার্ষিক বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন করবে। আইন সংশোধনের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন। প্রক্রিয়া শেষ হলেই নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে।"
জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "এ নির্বাচনের জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। তবে কোন প্রক্রিয়ায় এ নির্বাচন হবে, তা এখনো নিশ্চিত নয়, এটা নিশ্চিত করার কাজ চলছে। ইলেক্টোরাল কলেজের ভিত্তিতে নাকি গোটা জেলায় সাধারণ নির্বাচনের মতো নির্বাচন হবে, তাই চূড়ান্ত করা হচ্ছে। এক্ষেত্রে ইলেক্টোরাল কলেজ পদ্ধতি গণতান্ত্রিক হবে না, যদিও গোটা জেলায় সাধারণ নির্বাচন কঠিন হবে।"
বিষয়টি নিশ্চিত করে আইন সংশোধনের পর নির্বাচনের প্রস্তুতির দিকে সরকার এগুবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৮৫৫ ঘ.
bdnews24