সাতক্ষীরা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্দেহভাজন জেএমবি সদস্য সাতক্ষীরার আলাউদ্দীন মোড়ল ওরফে আলা হুজুরকে জিজ্ঞাসাবাদ করার জন্য বুধবার আদালতে আবেদন করেছে পুলিশ।
গোয়েন্দা পুলিশ পরিদর্শক শামছুল হক জানান, তাকে (আলা হুজুর) যৌথ জিজ্ঞাসাবাদ সেলে (জেআইসি) দশদিন জিজ্ঞাসাবাদের জন্য প্রধান বিচারিক হাকিম আদালতে আবেদন জানানো হয়েছে। তবে শুনানি এখনও হয়নি।
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামের নিজ বাড়ি থেকে সোমবার সন্ধ্যায় আলাউদ্দীনকে গ্রেপ্তার করা হয় বলে উল্লেখ করে তিনি বলেন, তার বিরুদ্ধে জেএমবি জঙ্গিদের সংগঠিত করার অভিযোগ রয়েছে।
২০০৫ সালের ১৭ আগস্ট থেকে আলাউদ্দীন পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপনে বাড়ি ফেরার খবর পেয়ে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২২১৫ ঘ.
bdnews24