ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে তিন পার্বত্য জেলায় চলছে সাংগ্রাই উৎসব।
বৈসাবির অন্যতম মারমাদের এই উৎসবের বুধবার ছিল তৃতীয় দিন। সোমবার শুরু হয়ে চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো খবর:
বান্দরবান: বুধবার উৎসবের ৩য় দিন শহরের মধ্যম পাড়ায় পুরাতন রাজার মাঠে মারমাদের ঐতিহ্যবাহী পানিখেলা অনুষ্ঠিত হয়। পাশপাশি মাঠের অপর প্রান্তে মারমা শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
কয়েক হাজার দর্শনার্থী উপস্থিত ছিল অনুষ্ঠানে। পাহাড়ি-বাঙালি একসঙ্গে উৎসবে মেতেছিল।
আগামী বৃহস্পতিবারও একই স্থানে অনুরূপ কর্মসূচি পালিত হবে বলে জানান সাংগ্রাই উৎসব কমিটির সচিব হ্লাগ্য মারমা।
শুক্রবার উৎসবের ৫ম দিন খ্যাং ফিয়াং ক্যাং-এ 'সামাজিক অবক্ষয় রোধে বৌদ্ধ ধর্মের আদর্শ' শীর্ষক সেমিনার, গুরু ভন্তের ধর্মদেশনা ও অষ্ট পরিস্কার দান কর্মসূচির মাধ্যমে সাংগ্রাই উৎসব সমাপ্ত হবে।
খাগড়াছড়ি: খাগড়াছড়িতেও মারমাদের সংগ্রাই উৎসবে বুধবার কোনো নতুন আনুষ্ঠানিকতা ছিল না। মঙ্গলবারের অনুষ্ঠানের ধারাবাহিকতায় আগের কর্মসূচি অব্যাহত ছিল।
বৃহষ্পতিবার ঘরে ঘরে থাকবে 'পাসং হাঙ' (পাচন)। ৩৫ প্রকারের শাক-সবজির রান্না ও বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার উৎসব হবে। শুক্রবার শেষ হবে উৎসব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/
bdnews24