ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদিনব্যাপী 'বাংলাদেশ প্রামাণ্যচিত্র উৎসব-২০০৯' শুরু হচ্ছে বৃহস্পতিবার।
ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত এ উৎসবে দেশের ৪০টি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। উৎসব চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।
বুধবার সকালে মুক্তিযুদ্ধ জাতীয় যাদুঘরে এক সংবাদ সম্মেলনে উৎসবের আয়োজক 'বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্যদ'র সভাপতি ফৌজিয়া খান এ কথা জানান।
লিখিত বক্তব্যে উৎসব পরিচালক আনোয়ার চৌধুরী জানান, 'প্রামাণ্যচিত্রে বাংলাদেশ ৩' শিরোনামের এ প্রদর্শনীতে প্রান্তিক জনগোষ্ঠি, শহুরে কিশোর-কিশোরীদের মনোজগৎ, যাত্রাপালা, একজন ধোপা কিংবা একজন স্বর্ণকারের জীবনচিত্র, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের করুণ ইতিহাস ও বিজয় গাঁথা সম্বলিত প্রামাণ্যচিত্র থাকবে।
প্রামাণ্যচিত্রের মধ্যে রয়েছে, অভিযাত্রী, কান পেতে রই, প্রান্তিকেই আমাদের অস্তিত্ব, জলের শিল্প মঞ্জরী, ইলিয়াসের খোয়ারি, স্বপ্নভূমি লোহাখোর, নিঃসঙ্গ সারথী প্রভৃতি।
২০০৭-০৯ সাল পর্যন্ত নির্মিত নির্বাচিত কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তন ও সেমিনার কক্ষে প্রদর্শিত হবে। প্রদর্শনী ছাড়াও উৎসবে সেমিনার, গোলটেবিল বৈঠক ও মতবিনিময় সভা হবে।
উৎসবের উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রামাণ্যচিত্র পুরস্কার বিতরণ করবেন কবি সৈয়দ শামসুল হক। উদ্বোধনী দিনে প্রামাণ্যচিত্র দেখা সবার জন্য উন্মুক্ত থাকলেও পরের তিনদিন টিকেটের ব্যবস্থা থাকবে।
উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, এটিএন বাংলা এবং এবিসি রেডিও।
সংবাদ সম্মেলনে চলচ্চিত্রকার ও প্রামাণ্য পর্যদের উপদেষ্টা মানজারে হাসিন মুরাদ, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট'র মঈনুল হুদা, অক্সফাম জিবি'র ফারাহানা হাফিজ তানিয়া উপস্থিত ছিলেন।
এর আগে ২০০৫ ও ২০০৭ সালে ঢাকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় প্রামাণ্যচিত্র উৎসব অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/জিএনএ/১৫১০ ঘ.
bdnews24