কামরান রেজা চৌধুরী,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ বাংলাদেশ রেলওয়ের জন্য একটি বিশেষ দিন হয়ে উঠেছে।
সাম্প্রতিক সময়ে নতুন কিছু চালুর দিন হিসেবে রেল কর্তৃপক্ষ বেছে নিচ্ছেন এ দিনটিকে। যেমন এবারের পহেলা বৈশাখ থেকে ব্রডগেজ ট্রেন আসতে পারবে রাজধানীর কমলাপুরে দেশের প্রধান রেলওয়ে স্টেশন পর্যন্ত। বিস্ময়কর হলেও সত্যি, কেবলমাত্র ব্রডগেজ লাইন না থাকার জন্যই রাজশাহী ও খুলনা থেকে আসা ট্রেনকে থামতে হতো ১১ কিমি আগে সেনানিবাস স্টেশনে।
এর আগের পহেলা বৈশাখে চালু হয়েছিল ঢাকা ও ভারতের কলকাতার মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল।
আন্তঃনগর সিল্ক সিটি এক্সপ্রেস রাজশাহী থেকে কমলাপুর স্টেশনে এসে পৌঁছায় মঙ্গলবার দুপুর দু'টায়। স্টেশনে ট্রেনটির ৫শ'২৯ যাত্রীকে অভ্যর্থনা জানান রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বেলা সাড়ে ১১টার দিকে কমলাপুর স্টেশনে এ ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রেলওয়ের মহাপরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাত্র দু'বছর আগেও ব্রডগেজ ট্রেনে রাজশাহী থেকে কমলাপুর আসার কথা লোকজন চিন্তাও করতে পারতো না।
রাজশাহীর উদ্দেশে ট্রেনটি বিকেল ২ টা ৪০ মিনিটে কমলাপুর স্টেশন ছেড়ে যায় বলে ঢাকা বিভাগীয় ট্রাফিক অফিসার আব্দুল মুকিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
রেল লাইনের প্রস্থের কারণে রাজশাহী ও খুলনা বিভাগ থেকে কোন ট্রেন কমলাপুর রেল স্টেশনে আসতে পারতো না।
বাংলায় ব্রিটিশ শাসকরা রেল যোগাযোগ চালু করে ১৮৬২ সালে। আর কমলাপুর-রাজশাহী রুটে ব্রডগেজ ট্রেন চালু হতে সময় লাগলো ১৪৭ বছর।
রেলওয়ের পশ্চিমাঞ্চল হিসেবে পরিচিত রাজশাহী ও খুলনা বিভাগে সাধারণত ব্রডগেজ ট্রেন চলাচল করে থাকে। কিন্তু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ নিয়ে গঠিত পূর্বাঞ্চলে চলে মিটার গেজ ট্রেন।
কিন্তু গত এক দশকে কর্তৃপক্ষ ঢাকার মিটারগেজ রেল লাইন দ্বৈত লাইনে রূপান্তর করে যাতে মিটার ও ব্রডগেজ দু'ধরনের ট্রেনই চলাচল করতে পারে।
রেলওয়ের অতিরিক্ত মহা-পরিচালক টিএ চৌধুরী বলেন, রাজশাহী-কমলাপুর ট্রেন চলাচল চালু হওয়ায় ট্যাক্সির জন্য যাত্রীদের আর বিড়ম্বনা পোহাতে হবে না।
ট্রেন থেকে নেমে গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা অনেক সময় সেনানিবাস স্টেশনে ট্যাক্সি পান না।
আরেকজন মহা-পরিচালক কাজী আসাদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিগন্যালিং কাজ শেষ হওয়ার পর জুন-জুলাই নাগাদ রাজশাহী ও খুলনা থেকে সব ব্রডগেজ ট্রেন কমলাপুর আসবে।
আপাতত কমলাপুর পর্যন্ত কেবল সিল্ক সিটি চলাচল করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এসকে/১৮১৯ ঘ.
bdnews24