ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে বৈরিতা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পহেলা বৈশাখে দেখা যায় এক অনন্য দৃশ্য। এদিন এ দুই সংগঠনসহ অন্যান্য ছাত্র সংগঠনের সাবেক নেতাদের এক মিলন মেলা বসেছিল।
নববর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) চত্বরে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের সংগঠন ডিইউ এক্স স্টুডেন্ট ফোরাম এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করে। ঘাসের ওপর থালা হাতে একসঙ্গে বসে খেতে দেখা যায় ছাত্রলীগ ও ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের সাবেক কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীদের। ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্টসহ বামদলগুলোরও নেতারাও এতে যোগ দেন।
এছাড়া ভোজে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, ডাকসুসহ বিভিন্ন দপ্তরে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। ক্যাম্পাসের সিগারেট বিক্রেতা, বাদাম ওয়ালা, টোকাইরাও বাদ যায়নি। বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও থালা হাতে খেতে বসে যান।
এ ভোজের অন্যতম আয়োজক সাবেক ছাত্রদল নেতা মাহাবুবুল আলম জানান, ছাত্রদল, ছাত্রলীগসহ অন্যান্য ছাত্র সংগঠনের সাবেক ছাত্রদের যৌথ উদ্যোগে চাঁদা তুলে এ ভোজের আয়োজন করা হয়। টাকা কম থাকায় চেয়ারের ব্যবস্থা করা যায়নি। ঘাসে বসে খেতে হয়েছে। পরবর্তীতে আরও বড় আয়োজন করা হবে।
ইসলাম ভিত্তিক ছাত্র সংগঠনগুলো ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় সবগুলো ছাত্র সংগঠনের নেতারাই এ ভোজে যোগ দেন বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১৯০০ ঘ.
bdnews24