২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আবারো জেএমবির বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

মুক্তাগাছার একটি গ্রাম থেকে ডাকাতি করে পালানোর সময় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেকজন সন্দেহভাজন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে সাতক্ষীরায়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 06:01 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ময়মনসিংহ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তাগাছার একটি গ্রাম থেকে ডাকাতি করে পালানোর সময় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেকজন সন্দেহভাজন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে সাতক্ষীরায়। ময়মনসিংহ থেকে আটকদের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার ঢাকার দক্ষিণখান থানার আশকোনা এলাকার একটি বাড়ি থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ জেহাদি বইপত্র সোমবার উদ্ধার করা হয়। আগের দিন রোববার খিলক্ষেতের ডুমনীটেক পাড়ায় অভিযান চালিয়ে টাইমবোমা তৈরির বিপুল সরঞ্জাম, বিস্ফোরক এবং জেহাদি বইপত্রসহ আট জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তিনজন দলের 'আত্মঘাতী শাখার' সদস্য বলে জানানো হয়েছে। ময়মনসিংহের পুলিশ সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম জানান, ডাকাতি করে পালানোর সময় শনিবার রাতে মুক্তাগাছা থানা পুলিশ চেচুয়া এলাকা থেকে গ্রামবাসীর সহায়তায় দু'জনকে আটক করে। তারা হলো ত্রিশাল উপজেলার ধলাইমান গ্রামের রাসেল (২৭) ও টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার মীরকুমুল্লি গ্রামের ফজলুর রহমান (২৮)। তাদের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিভর্তি দুটি নাইন এমএম পিস্তল এবং একটি চাইনিজ ছোরা উদ্ধার করা হয় বলে তিনি জানান। রফিকুল ইসলাম জানান, ওই দুজনকে প্রথমে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তবে জিজ্ঞাসাবাদে জেএমবির সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি বেরিয়ে পড়ে বলে তিনি দাবি করেন। পরে ফজলুর রহমানকে সঙ্গে নিয়ে সোমবার ঢাকার দক্ষিণখান থানার আশকোনা এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালানো হয় বলে জানিয়ে তিনি বলেন, পুলিশ সেখান থেকে একটি তাজা বোমা, দুটি ডেটোনেটর, গান পাউডার এবং পাওয়ার জেলসহ বোমা তৈরির সরঞ্জাম ও কিছু জেহাদি বই উদ্ধার করে। সোমবার সন্ধ্যায় পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয়ে দুই জেএমবি সদস্যকে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামসহ গণমাধ্যমের প্রতিনিধিদের সামনে হাজির করা হয়। কিন্তু তারা জেএমবির সঙ্গে জড়িত নয় বলে দাবি করে। তবে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম তাদের বলে তারা স্বীকার করেছে। পুলিশ সুপারিনটেনডেন্ট জানান, এ ঘটনায় মুক্তাগাছা থানায় অস্ত্র ও দ্রুত বিচার আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। দুই জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে ১৬ এপ্রিল শুনানির দিন নির্ধারণ করা হয়। সাতক্ষীরা প্রতিনিধি জানান, সদর উপজেলার কুশখালি গ্রাম থেকে সোমবার সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আটক আলাউদ্দিন মোড়ল ওরফে আলা হুজুর কুশখালি গ্রামের দিশারাত মোড়লের ছেলে। সাতক্ষীরার পুলিশ সুপারিনটেনডেন্ট আবু সুফিয়ান বলেন, "আলাউদ্দিন মোড়ল সন্দেহভাজন জেএমবি সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার পর থেকে আলাউদ্দিন আত্মগোপন করেছিলেন। দীর্ঘদিন তিনি ভারতে পালিয়ে ছিলেন বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/টিআর/২৩৫০ ঘ.