চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি আস্তানা সন্দেহে নগরীর পাথরঘাটা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ইসলামী সংগঠন দাওয়াত-ই-ইসলামীর ৭ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এছাড়া ওই বাড়ি থেকে বিপুল সংখ্যক বইপুস্তক ও সিডি উদ্ধার করেছে পুলিশ । তবে বিস্ফোরক জাতীয় কোন কিছু পাওয়া যায়নি।
আটক সাতজন হলেন- সোহেল জাহিদী, আবুল বাশার, মোজাম্মেল হক, কলিম উল্লাহ কাদেরী, ফারুক আত্তারী, নুরুল আজিম ও মাহমুদুল হক।
কোতওয়ালী থানাধীন পাথরঘাটা এলাকার নজু মিয়া লেনের নবাব মিয়া চৌধুরীর বাসার নিচতলায় সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পুলিশ এ অভিযান চালায়। অভিযান শুরু হওয়ার পর র্যাব ঘটনাস্থলে পৌঁছায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার অভিযান শেষে সাংবাদিকদের বলেন, "সন্দেহজনক গতিবিধি ও গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তবে ওই বাসায় জঙ্গি সংশ্লিষ্টতার কোন প্রমাণ পাওয়া যায়নি। এরপরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।"
তিনি জানান, এই সংঠন সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য পুলিশের বিশেষ শাখাকে অনুরোধ করা হবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বাসা থেকে ৯টি পাসপোর্ট জব্দ করা হয়েছে, যা আটক হওয়া কারো নয়। পাসপোর্টগুলো এ সংগঠনের অপর ৯ কর্মীর ।
নুরুল আজিমসহ সংগঠনের অন্যরা জানান, তারা জঙ্গীবাদের বিরোধী, তারা শুধু কোরআন ও হাদীস অনুযায়ী ইসলাম ধর্ম পালন করার দাওয়াত দিয়ে থাকে।
দাওয়াত-ই-ইসলামীর কর্মী নুরুল আজিম সাংবাদিকদের জানান, এটি পাকিস্তান ভিত্তিক ইসলামের দাওয়াতের একটি সংগঠন। তারা ইসলাম প্রচারের জন্য মসজিদ ভিত্তিক কর্মকাণ্ড চালিয়ে থাকে। দেশের ২২টি জেলায় এবং বিশ্বের ৭০টি দেশে এর কর্মকাণ্ড রয়েছে।
তিনি আরো জানান, এ সংগঠনের অপর ৯ কর্মীকে ২০০৬ সালের জুলাই মাসে ঝালকাঠিতে জেএমবি'র বোমা হামলার সময় সেখান থেকে আটক করেছিল পুলিশ। তবে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/এইচএ/১৮৩৬ঘ.
bdnews24