ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনানিবাসের বাড়ি ছেড়ে দিতে চলতি সপ্তাহেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নোটিশ দেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এরপরও বাড়ি না ছাড়লে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। (বিস্তারিত)
সোমবার বিকেলে মন্ত্রণালয়ে অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা সচিবসহ অন্যদের সঙ্গে আলোচনার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
শফিক আহমেদ বলেন, "১৯২৪ সালের ক্যান্টনমেন্ট অ্যাক্ট-এর ১১ ধারা অনুুযায়ী সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চলতি সপ্তাহেই খালেদা জিয়ার কাছে নোটিশ পাঠানো হবে। নোটিশ অনুযায়ী বাড়ি না ছাড়লে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।"
তিনি বলেন, "নোটিশে খালেদাকে একটি সময় বেঁধে দিয়ে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য তাকে অনুরোধ করা হবে। তারপরও যদি তিনি বাড়িটি না ছাড়েন তাহলে আইনে যা আছে তাই করা হবে।"
বাড়িটি খালেদার নামে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছে- বিএনপি নেতা ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের এই দাবি প্রসঙ্গে শফিক আহমেদ বলেন, যদি বাড়িটির বরাদ্দই অবৈধ হয়, সেক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার কোনো ক্ষমতা কারো নেই।
তিনি জানান, ১৯৮১ সালের ১২ জুন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল গুলশানে খালেদা জিয়ার জন্য দেড় বিঘার একটি বাড়ি বরাদ্দ দেওয়ার। তিনি ক্যান্টনমেন্টের বাড়িটি নিতে অস্বীকৃতি জানিয়েছেলন। এটা ওই সভার সিদ্ধান্ত হিসেবেই লেখা রয়েছে।
সরকারের এ সিদ্ধান্তে রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে- সাংবাদিকরা এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, "বাড়ি দেওয়া হয়েছিল খালেদাকে। এটা ব্যক্তিগত বিষয়। কোনো রাজনৈতিক দলকে বা দলের প্রধানকে তা বরাদ্দ দেওয়া হয়নি। সুতরাং রাজনীতির মাঠ গরম করে কোনো লাভ হবে না।
দায়িত্বশীল পদে থেকে দুটি মূল্যবান বাড়ি বরাদ্দ নেওয়াও অনৈতিক বলে মন্তব্য করেন আইনমন্ত্রী ।
গত ৮ এপ্রিল মন্ত্রিসভার এক বৈঠকে খালেদার ঢাকা সেনানিবাসের ৬নং শহীদ মইনুল সড়কের বাড়িটির ইজারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১ এপ্রিল সংসদে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। খালেদা জায়গাটি ছেড়ে দিলে সেখানে বিডিআর সদর দপ্তরে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণ করা হবে জানিয়ে তিনি বলেছিলেন, "একজন রাজনীতিবিদ বা বিরোধীদলীয় নেতা হিসাবে কারোরই সেনানিবাসে থাকা সমীচীন নয়।"
হাসিনা আরো বলেন, "আপনাকে গুলশানে দেড় বিঘার আরেকটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি কেন সেনানিবাসের এই জমি আঁকড়ে থাকবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এইচএ/২০৪৫ঘ.
bdnews24