২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর একান্ত সচিবের গাড়ি ছিনতাই

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একান্ত সচিবের গাড়িচালককে গুলি করে সন্ত্রাসীরা তার গাড়িটি নিয়ে গেছে। রাজধানীর উত্তরায় শনিবার রাতে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 02:36 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একান্ত সচিবের গাড়িচালককে গুলি করে সন্ত্রাসীরা তার গাড়িটি নিয়ে গেছে। রাজধানীর উত্তরায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গাড়িচালক কবির হোসেন (৩০) রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার রাত সোয়া ১০টার দিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর একান্ত সচিব মতিউর রহমানকে উত্তরার ৬ নম্বর সেক্টরের বাসায় পৌঁছে দিয়ে প্রধান সড়কে ওঠার পরপরই চারজন অস্ত্রধারী যুবক গাড়িতে উঠে পড়ে।" কবির বলেন, এরপর তারা গাড়ি নিয়ন্ত্রণে নিয়ে তাকে পেছনে বসিয়ে রাখে এবং এক পর্যায়ে পা ও হাতে গুলি করে সাভারের বাইপাইলে ফেলে রেখে গাড়ি নিয়ে চলে যায়। কবিরের ভাষ্য অনুযায়ী স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করে। পরে রোববার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। গাড়িটি সরকারি এবং কবির নিজেকে সরকারি চালক বলে দাবি করেন। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এব্যাপারে সন্ধ্যায় একটি মামলা হয়েছে। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। ওসি বলেন, চালকের কথাবার্তায় গরমিল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে কিছু ভাড়া পাওয়ার লোভে নিজেই ওই সন্ত্রাসীদের গাড়িতে তুলেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২০৩৭ঘ.