সিলেট, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজনীতি ছাড়া কেউ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, "আজ গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করছে তা রাজনীতিরই ফল।"
রোববার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েনের (ইমজা) সিলেট বিভাগীয় টেলিভিশন সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "গণমাধ্যম দেশকেও অনেক কিছু দিয়েছে। চৌকস গণমাধ্যমের কারণেই আমরা এখন অনেক বেশি জবাবদিহিতার জালে আবদ্ধ।"
আওয়ামী লীগের শাসনামলে দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়েছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, "২০০১ থেকে ২০০৫ পর্যন্ত দেশে দু:শাসন ছিল। অর্থনৈতিক অবস্থাও ছিল শোচনীয়।"
আবাসন ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, "আবাসনের বিষয়টি ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া উচিত। সরকারের উচিত শুধু পরিবেশ সৃষ্টিতে কাজ করা।"
তিনি বলেন, "জোট সরকারের নীতি হচ্ছে আলোচনা। আমরা আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নের প্রচেষ্টা চালাচ্ছি। অর্থনৈতিক মন্দার বিষয় মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হবে।"
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কবির চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।
সকালে জেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০০ ঘ.
bdnews24