কক্সবাজার, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া এলাকার চৌধুরী ভবনের কাছে রোববার সকালে অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর প্রায় নয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
সকাল পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে করে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন সদর উপজেলার আশরাফ আলী অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের মালিকের ছোট ভাই শওকত আলী।
ফিলিং ষ্টেশনের মালিক আমির আলী জানান, তার ছোট ভাই শওকত তেল বিক্রির আট লাখ ৯০ হাজার টাকা জমা দিতে ব্যাংকে যাচ্ছিল। শহরের প্রধান সড়কের চৌধুরী ভবনের কাছাকাছি পৌঁছালে একটি সিএনজি চালিত অটোরিকশা তার গতিরোধ করে এবং অস্ত্রের মুখে সব টাকা নিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় রোববার সকালে দুদিনের তেল বিক্রির টাকা এক সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন জানান, ঘটনা জানার পরপরই পুলিশের কয়েকটি দল টাকা উদ্ধার এবং ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। পুলিশের সব ফাঁড়ি ও চেকপোষ্টকে সতর্ক করা হয়েছে।
তিনি জানান, বিকেলে শহরতলীর আদর্শ গ্রাম এলাকা থেকে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।
এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ছিনতাইকারী শহরতলীর খুরুস্কুল এলাকার ইমরানের মা ও বোনকে থানায় আনা হয়েছে বলে ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমির আলী দাবি করেন, ছিনতাইয়ের সঙ্গে জড়িত তিনজনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে ইমরান ছাড়াও খুরুস্কুলের যুবায়েরও আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৫ ঘ.
bdnews24