ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাকাণ্ডের মামলায় আরও এক বিডিআর সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক তার খাস কামরায় হাবিলদার জালাল উদ্দিন আহমেদের জবানবন্দী নেন।
এই নিয়ে এই মামলায় ৩০ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ করা হলো।
১৬৪ ধারার জবানবন্দিতে জালাল কি বলেছেন তা জানা যায়নি। এছাড়া সন্ধ্যায় একই হাকিম নতুন গ্রেপ্তার বিডিআরের ১৩ সদস্য এবং রিমান্ড শেষে আদালতে পাঠানো ১০ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন।
এছাড়া চার জন রিমান্ড ফেরত বিডিআর সদস্যকে আবার চার দিন রিমান্ডে দিয়েছে একই আদালত।
এই চার জন হলেন সিপাই মো. জসিম উদ্দিন, সিপাই মো. মাছুম মিয়া, সিপাই মিজানুর রহমান, সিপাই রফিকুল ইসলাম। এদেরকে বিভিন্ন মেয়াদে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে আবার রিমান্ড চাওয়া হয়।
আদালত সংশ্লিষ্ট কয়েকজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১২৬ঘ.
bdnews24