চট্টগ্রাম, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)-- সাধারণ মানুষকে বীমার আওতায় আনতে ক্ষুদ্র বীমাসহ নতুন নতুন স্কিম চালু করার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ।
স্পিকার শনিবার সকালে বন্দর নগরীর একটি কমিউনিটি সেন্টারে গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
স্পিকার এসময় মন্তব্য করেন, সংসদে ফ্লোর দেওয়ার ক্ষেত্রে সবাইকে খুশি রাখা খুবই কঠিন কাজ। সংসদে বিরোধী দলীয় সাংসদদের ফ্লোর দেওয়ার ক্ষেত্রে এখনো কোনো অভিযোগ পাননি বলে তিনি জানান।
গোল্ডেন লাইফ ইনসিওরেন্স এর চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ মাঈনুদ্দিন খান বাদল, সারাহ বেগম কবরী, শামসুল হক চৌধুরী, সাবেক সাংসদ রফিকুল আনোয়ার, নুরুল আলম চৌধুরী, প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এম শামসুর রহমান, পরিচালক সৈয়দ মুন্সেফ আলী, ব্যবস্থাপনা পরিচালক এম তৌহিদুল আলম প্রমুখ।
স্পিকার বলেন, "বীমা পলিসিকে শুধু ব্যবসার ক্ষেত্র হিসেবে দেখলে হবে না। সাধারণ মানুষকে বীমার আওতায় আনতে নতুন নতুন স্কিম চালু করতে হবে। এ জন্য ক্ষুদ্র বীমা চালু করা যেতে পারে।"
তিনি আরও বলেন, বেকার সমস্যা দূরীকরণে এই ধরনের বীমা কোম্পানিগুলো বিশাল অবদান রেখে আসছে। বীমার সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নতিও জড়িত উল্লেখ করে তিনি বলেন, বীমা ব্যবস্থা দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে।
সাংসদ মাঈনুদ্দিন খান বাদল বলেন, "দরিদ্র মানুষের সবচেয়ে বেশি বীমা দরকার। কোটিপতিদের বীমা করার কোন দরকার নেই।"
মৃত্যুদাবিসহ যাবতীয় বীমা দাবি ১৫ দিনের মধ্যে গ্রাহকদের পৌঁছানোর জন্য বীমা কোম্পানিগুলোর প্রতি তিনি আহবান জানান।
আয়োজকরা বলেছেন এ সম্মেলনে সারা দেশ থেকে প্রতিষ্ঠানটির প্রায় ৪ হাজার কর্মী যোগ দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১১৯ঘ.
bdnews24