টাঙ্গাইল, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল ও গাইবান্ধায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৬ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিমধল্লায় শুক্রবার সকাল ৮টায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুই জন মহিলাসহ ৫ জন নিহত হয়। এতে আহত হয় আরো ১০ জন।
নিহতদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন- দেলদুয়ার উপজেলার ভুরভুরিয়া গ্রামের শফিক (৪৫), সাবালিয়ার নারায়ণ চন্দ্র রায় (৫২), তার স্ত্রী শেফালী রাণী রায় (৪০) ও মির্জাপুর উপজেলার কদিম দেওহাটার স্বপ্না রানী সরকার (২৮)।
আহত তিন জনকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি আরফান আলী মোল্লা রয়েছেন।
বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী ঝটিকা সার্ভিসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের ওপরের অংশ আলাদা হয়ে যায়। ঘটনাস্থলেই দুই জন মহিলা সহ ৫ জন মারা যায়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাকছুদুর রহমান পাটওয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাসের চালক পলাতক।
গাইবান্ধা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার গভীর রাতে রংপুর-বগুড়া মহাসড়কের সাদুল্লাহপুরের ধাপেরহাট বন্দরের আর ভি কোল্ড স্টোরেজের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে আরো চার জন মারা যায়। আহত হয় আরো ২৬ জন।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দুলাল (৩৮) ও সামছুল হক (৪০), একই উপজেলার বাসিন্দা চালকের সহকারী বাবু (৩০) এবং আদিতমারী উপজেলার ইসমাইল হোসেন (৬০) ।
আহত অন্যান্যদের উদ্ধার করে গাইবান্ধা, পলাশবাড়ি, পীরগঞ্জ ও রংপুরে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে লালমনিরহাটের কালীগঞ্জের মিজানুর, পাটগ্রামের মলিঞ্জা ও হাতিবান্ধার শাহাজুলসহ পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। এরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রংপুর-বগুড়া মহাসড়কের বরদরগা হ্ইাওয়ে থানার এস আই দীন মোহাম্মদ ও ধাপেরহাট পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আ. মজিদ জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট বন্দরের আর ভি কোল্ডস্টোরের নিকটে লালমনির হাটথেকে ঢাকাগামী রোজিনা পরিবহনের যাত্রীবাহী নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিন ব্যক্তি নিহত হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো ব্যক্তি মারা যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে। তাদের গাইবান্ধা, পলাশবাড়ি, পীরগঞ্জ ও রংপুরে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশ বাড়ি থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার জানান, শুক্রবার সকাল ৯টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ির সড়কের মাঠের হাট নমের একটি জায়গায় গাইবান্ধা থেকে রংপুরগামী যাত্রীবাহী বাস মেট্রোলিংক এক ব্যক্তিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত ব্যক্তি কহলন গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামের ফজলুল হকের ছেলে খোকন (২৫)। এ দুইটি ঘটনায় সাদুল্লাপুর ও পলাশবাড়ি থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১৫১১ ঘ.
bdnews24