নওগাঁ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর আত্রাই উপজেলায় শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন- উপজেলার বলরামচক চৌধুরীপাড়ার হবিবর রহমান হবি (৪২) ও তিলাভাদুরী গ্রামের আবুল হোসেন (৩৫)।
শনিবার আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, এরা দুজন ২০০৪ সালে জেএমবির তৎকালীন শীর্ষ জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী এবং তার গঠিত জাগ্রত মুসলিম জনতার সামরিক শাখার কমান্ডার ছিলেন। সে সময় আত্রাই-রাণীনগর এলাকায় চরমপন্থী দমনের নামে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে এদের বিরুদ্ধে মামলা রয়েছে।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলামসহ ছয় জঙ্গি নেতার ফাঁসি হয়।
ওসি জানান, জেএমবির ক্যাডাররা আবারও সংগঠিত হচ্ছে- এ রকম তথ্যের ভিত্তিতে হবিবর রহমানকে বলরামচক চৌধুরী পাড়া এবং আবুল হোসেনকে তিলাভাদুরী গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৪ ঘ.
bdnews24