ঢাকা এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁওয়ের একটি আবাসিক হোটেল থেকে জাল টাকা তৈরীর প্রতারক চক্রের সদস্যদের আটকের সময় র্যাব সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর ভাইয়ের ছেলেকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তেজগাঁওয়ের 'ইম্পেরিয়াল গেস্ট হাউজ' নামের তিনতলা এই আবাসিক হোটেলটির মালিক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ভাই মোঃ ইসরাইল। ভবনটির নীচ তলায় তিনি সপরিবারে থাকেন। শুক্রবার বিকেলে তেজগাঁও থানার পাশের ইম্পেরিয়াল গেস্ট হাউজে র্যাব-৪ এর একটি দল এ অভিযান চালায়।
মোঃ ইসরাইল অভিযোগ করেছেন, র্যাব সদস্যরা তার ছেলে পলাশকে অকারণে মারধর করেছে।
সন্ধার পর র্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান সাংবাদিকদের বলেন, "গোপন সংবাদে র্যাব জানতে পারে যে একটি চক্র ঢাকায় জাল টাকা তৈরী করছে। এর ভিত্তিতে ঢাকার নবাবপুর এলাকার ইংলিশ রোড এলাকা থেকে জুয়েল ও জীবন মিয়া নামে দুই জনকে আটক করা হয়। এদের দেওয়া তথ্য অনুযায়ী পরে ইম্পেরিয়াল গেস্ট হাউজের একটি কক্ষ থেকে মোঃ আবদুর রব ও নাসিরউদ্দিনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে র্যাব। এছাড়া জালনোট তৈরীর সরঞ্জাম ও কিছু টেপ উদ্ধার করা হয়।"
মোঃ ইসরাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল সাড়ে তিনটার দিকে পাঁচ/সাতজন ব্যক্তি হোটেল ঢুকে। তাদের পরনে কোন ইউনিফর্ম ছিল না। তারা ৪১ নম্বর কক্ষে গিয়ে লাথি মেরে দরজা ভেঙ্গে কক্ষে থাকা নাসিরকে ধরে নিয়ে আসে। কিন্তু তারা নিজেদের কোন পরিচয় দেয়নি।
"হোটেলের বয়রা এদের ডাকাত মনে করে হোটেলের মূল ফটক বন্ধ করে দেয়। তখন তারা এসে ম্যানেজারের ডেস্কে বসে থাকা আমার ছেলে রমযান আলী পলাশের কাছে চাবি চায় ও নাম জিজ্ঞেস করে। পলাশ নিজের নাম বলে তাদের জানায়, সে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাইয়ের ছেলে। র্যাব অফিসার তখন 'তুই ভাইস্তা হলে আমি ভাইগ্না' বলে তাকে মারধর শুরু করে। এরমধ্যে আরো র্যাব ও পুলিশ হোটেলে চলে আসে। ততক্ষণে আমার পরিবারের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোনে বিষয়টি জানায়। স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করার পর র্যাব আমার ছেলেকে ছেড়ে দিয়ে আসামীদের নিয়ে চলে যায়।"
তিনি প্রশ্ন তুলে বলেন, তারা নিজেদের কোন পরিচয় দেয়নি। তাহলে তারা ডাকাত নাকি আইনের লোক সেটা আমরা কিভাবে বুঝব? আর কাউকে মারধর করার অধিকার কি তাদের আছে?"
পলাশকে পাশ্ববর্তী আলরাজি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে র্যাব-৪ এর অধিনায়ক লে. ক. শামসুজ্জামান বলেন, হোটেলটিতে অভিযান চালানোর আমাদের কোন বেগ পেতে হয়নি। প্রথমে হোটেল কতৃপক্ষ আমাদের বহিরাগত সন্ত্রাসী মনে করেছিল। পরিচয় পাবার পরে অবশ্য কোন সমস্যা হয়নি।
পলাশ প্রসঙ্গে তিনি বলেন, "এ নামের কাউকে গ্রেফতার করা বা ছেড়ে দেয়াও হয়নি।"
এ প্রসঙ্গে তেজগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, বিকালে র্যাব-৪ এর একটি দল ইম্পেরিয়াল গেস্ট হাউজে অভিযান চালায়। তারা কয়েকজনকে আটক করেছে বলে আমি শুনেছি। তবে এখনো আমাকে কেউ কিছু জানায়নি। কী কারণে এ অভিযান বা কাদের আটক করা হয়েছে, তাও আমার জানা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এইচএ/২৩০০ঘ.
bdnews24