বাগেরহাট, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট শহরের পিটিআই সড়কে অবস্থিত জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও আইনজীবী কাজী নজির আহমেদ মানির নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার গভীর রাতে বিশ্বজিৎ বিশ্বাস (২৮) নামে এক কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ বিশ্বজিৎকে নারী ঘটিত একটি ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে বাড়িতে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্বজিৎ বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার প্রয়াত মনোহর বিশ্বাসের ছেলে।
বিশ্বজিৎ'র ভাই অজিত ও প্রশান্ত বিশ্বাস বাগেরহাট সদর হাসপাতাল মর্গের সামনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন, সাত আট মাস আগে বিশ্বজিৎ বিএনপি নেতা আইনজীবী নজির আহমেদ মানির বাড়িতে কাঠ মিস্ত্রীর কাজ করত। এ সময় বিশ্বজিৎ'র সঙ্গে আইনজীবীর স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে। ২০০৮ সালের অক্টোবর মাসে বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া মাঝিঘাট থেকে পুলিশ তাদের দুজনকে আটকও করেছিল। এরপর থেকে মানি ও তার আত্মীয় স্বজনরা বিশ্বজিৎকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তখন বিশ্বজিৎ এলাকা ছেড়ে আত্মগোপন করে। শনিবার বাড়ি আসার কথা ছিল তার।
তারা জানান, পনের দিন আগে আইনজীবীর স্ত্রী গৃহকর্মীকে সঙ্গে নিয়ে বিশ্বজিৎকে খুঁজতে তাদের বাড়ি গিয়েছিলেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে খবর পেয়ে পুলিশ বিএনপি নেতা নজির আহমদের বাড়ির নিচতলার পেছনের বারান্দার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। পরে সনাক্ত হয় এটা বিশ্বজিৎ'র লাশ। তার পকেট থেকে একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, বিশ্বজিৎ'র সঙ্গে বিএনপি নেতার স্ত্রীর সম্পর্কের বিষয়টি এক সময় (২০০৮ সালের অক্টোবর মাসে) থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল।
এ ঘটনায় বাগেরহাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানান।
বিএনপি নজির আহমেদ মানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আমি দোতালার বারান্দা থেকে উঁকি দিয়ে নিচতলায় একটি মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখি। টর্চের আলো ফেলে তাকে দেখার চেষ্টা করি এবং পরিচয় জানতে চাই। কিন্তু কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দিই। পরে পুলিশ এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।"
বিশ্বজিৎকে হত্যার অভিযোগ অস্বীকার করে আইনজীবী নজির আহমেদ বলেন, "আমি ওই যুবককে চিনি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩০ ঘ.
bdnews24