চট্টগ্রাম, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----চট্টগ্রামে দুটি সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ছয়জন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় একটি কন্টেইনারবাহী লরি একটি প্রাইভেট কারকে চাপা দিলে তিনজন নিহত ও একজন আহত হয়।
নগরীর শেখ মুজিব রোডে আরেক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়।
সীতাকুণ্ডের সাংবাদিক শেখ সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১২টার দিকে ঢাকামুখী একটি কন্টেইনার লরি (চট্ট মেট্রো-ই-৮১-০১৬১) বেপরোয়া গতিতে প্রাইভেট কারটিকে (ঢাকা মেট্রো-গ-১১-৫১২৫) অতিক্রম করার সময় লরিতে থাকা কন্টেইনার কারের ওপর পড়ে যায়। ভারি কন্টেইনারের চাপায় কারটি দুমড়ে গেলে এর আরোহীদের মধ্যে তিনজন ঘটনাস্থলে নিহত হয়।
স্থানীয় লোকজন এবং পুলিশ এসে হতাহত যাত্রীদের ভেতর থেকে উদ্ধার করে। গুরুতর আহত আবু ছিদ্দিক নামে আরেকজন এখন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন- মীরসরাই উপজেলার বড় দারোগারহাটের ইটভাটা মালিক মোঃ মহসিন (৪৫), তার ভায়রা রেজাউল করিম (৪৫) এবং একই এলাকার বাসিন্দা গাড়ি চালক মোঃ জসীম উদ্দিন (৩০)।
সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক আতাউর রহমান জানান, কন্টেইনারের চাপায় নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে। লরিটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।
এদিকে, নগরীর শেখ মুজিব রোডের চৌমুহনী চৌরাস্তায় একটি দ্রুতগামী রাইডারের চাপায় সকাল সাড়ে নয়টার দিকে এক ব্যক্তি নিহত এবং পাঁচ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাইডারটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপরে উঠে গেলে ওই ঘটনা ঘটে।
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক জহিরুল হক জানান। তারা হলেন সরফরাজ (৩৫), ইয়াসিন (৪০), তৌহিদ (৩০), আমিনুল (২৬) ও মমিন (২৪)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২১৩১ঘ.
bdnews24