বগুড়া, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপজেলা বিল পাসের মধ্য দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পরিবর্তে এমপিতন্ত্র কায়েম করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান।
বুধবার রাতে বগুড়া শহরের সাতমাথার টেম্পল রোডে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
বিলম্ব না করে যুদ্ধাপরাধীদের বিচার শুরু এবং সন্দেহভাজন জঙ্গিদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান সিপিবি নেতা।
বিডিআর বিদ্রোহ বিষয়ে মঞ্জুরুল আহসান বলেন, "প্রকৃত অপরাধীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। অতীতের মতো লোক দেখানো তদন্ত বা লঘু শাস্তি দিয়ে আসল খুনি ও তাদের হোতাদের যেন আড়াল করা না হয়।"
তিনি আরও বলেন, "গণতন্ত্র, স্বাধীনতা ও প্রতিরক্ষা ব্যবস্থা আজ হুমকির সম্মুখীন। দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে এ মুহূর্তে প্রয়োজন ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলা।"
বগুড়া জেলা সিপিবির সভাপতি হাফিজার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় সদস্য বিপ্লব চাকী, শাহাদৎ হোসেন, জেলা সাধারণ সম্পাদক দুলাল কুণ্ডু, আমিনুল ইসলাম ফরিদ, হাসান আলী শেখ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫২ ঘ.
bdnews24