২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"দুদক শুধু রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করতে বাধ্য"

স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তলব করার এখতিয়ার নেই বলে সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 12:44 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তলব করার এখতিয়ার নেই বলে সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক। বৃহস্পতিবার কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, "আমরা সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কমিটির পাঠানো চিঠির জবাবে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, "ওনারা মনে করেছেন দুদককে ডাকার এখতিয়ার তাদের আছে। আমরাও মনে করেছি তাদের কোনো এখতিয়ার নেই।" দুদক শুধু রাষ্ট্রপতির কাছেই জবাবদিহি করতে বাধ্য জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "... অন্য কারো কাছে নয়। তাছাড়া সংসদীয় স্থায়ী কমিটির এখতিয়ারে যেসব প্রতিষ্ঠানকে তলব করার ক্ষমতা রয়েছে তাতে দুদকের নাম নেই। " গত মঙ্গলবার দুদকের শুরু থেকে বর্তমান পর্যন্ত কাজের বিবরণ, সর্বশেষ বার্ষিক প্রতিবেদন এবং সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদনসহ দুই কমিশনারকে সংসদীয় স্থায়ী কমিটির আগামী ১২ এপ্রিলের বৈঠকে যোগ দিতে চিঠি দেওয়া হয়। এ প্রসঙ্গে বুধবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "এ বিষয়ে এখানো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ব্যাপারে আইনে কী বলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সব কিছু বিবেচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে আমরা সেখানে যাবো কি না।" দুদকের চেয়ারম্যানের পদ থেকে হাসান মশহুদ চৌধুরীর আলোচিত পদত্যাগের চার কর্মদিবস পর ওই চিঠি কমিশনে আসে। এতে বলা হয়, বৈঠকে কমিশনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন, কমিশনের এযাবতকার কার্যাবলী এবং অর্পিত দায়িত্ব পালনে বর্তমান সমস্যা নিয়ে আলোচনা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এইচএ/১৮৩০ঘ.