ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে গুদাম থেকে উদ্ধার হওয়া মেয়াদোত্তীর্ণ নিডো গুঁড়োদুধ রাসায়নিক পরীক্ষার জন্য বিএসটিআই পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাতে গুলশান ১ এর ১৮ নম্বর সড়কের ১১ নম্বর বাড়ি (গুদাম) থেকে ১৪২৫ ফয়েল প্যাকেট মেয়াদ পেরিয়ে যাওয়া নিডো গুঁড়োদুধ উদ্ধার করে পুলিশ। ওই বাড়িটি নিডোর স্থানীয় এজেন্টের গুদাম।
এ ব্যাপারে নেসলে বাংলাদেশ-এর পরিচালক (অর্থ) মো. ইমতিয়াজ মালিক, ব্যবস্থাপক সৈয়দ সাইফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা আবদুল হাই, দেবব্রত রায় চৌধুরী ও আসাদুজ্জামানকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতে হাজির করার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ বাদী হয়ে এ বিষয়ে একটি মামলা দায়ের করেছে।
মঙ্গলবার গুলশান থানার উপ পরিদর্শক ইলিয়াছ মোল্লা বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ঘ) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার হওয়া গুঁড়োদুধ রাসায়নিক পরীক্ষার জন্য বাংলাদেশ পণ্য মান নিয়ন্ত্রক অধিদপ্তর (বিএসটিআই) এর পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/কিউএইচ/এইচএ/১৬৩০ঘ.
bdnews24