২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চাঁদেররহাট এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ১১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 10:13 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

বাগেরহাট, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চাঁদেররহাট এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ১১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। নিহতরা হলেন- রূপসী পরিবহনের বাস চালক মোল্লাহাটের কুলিয়া গ্রামের জিয়ারুল (৩৫), ফরিদপুরের গঙ্গাবর্দি গ্রামের রইস মোল্লা (২৭), খুলনার রূপসা উপজেলার আলতাফ হোসেন (৪৮), গোপালগঞ্জের পারভীন আক্তার (৪৫), নোয়াখালীর ওমরপুরের বিলকিস বেগম (২০), বাগেরহাটের ষাটতলা গ্রামের সুশান্ত (৫২), খুলনার দৌলতপুরের দীপা পাণ্ডে (২২), খুলনা শহরের নিরালা এলাকার সুধাংশু কুমার বিশ্বাস (৪০) এবং গোপালগঞ্জের পাটগাঁতি গ্রামের শিশু লাবণী (৪)। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মোল্লাহাট থানায় রেখেছে। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য এ সব লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান সিরাজ। তিনি জানান, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস দুপুর ৩টার দিকে চান্দেরহাটের ঠাকুর বাড়ি সরকারি পুকুরের কাছে আসার পর খুলনা থেকে মাদারীপুরগামী রূপসী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ওসি জানান, মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী নিমাই পাল জানান, সেখানে অজ্ঞাতনামা দুইজনসহ মোট ১৪ জনকে ভর্তি করা হয়। এদের মধ্যে সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনরা হলেন- টেকেরহাটের শেরজান আলী (৩৫), ফকিরহাটের মোহন (৪০), সাতক্ষীরার আশাশুনির শৈলেন ঘোষ (৩৪), পলাশ (২১), আব্দুল মালেক (৫০), মোকসেদ সরদার (৪৭), মংলার আবু তাহের (৫২), খুলনার পাইকগাছার হাফিজা (৩২)। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- ফকিরহাটের মোস্তাকিম (২০), গোপালগঞ্জের পাটগাঁতির বেদানা (৩৫), তার স্বামী গঞ্জের আলী শিকদার (৪৪), সাতক্ষীরার আশাশুনির আবুল কাশেম (৪৫), গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জাহানারা বেগম (৪৪) এবং অজ্ঞাতনামা দুই পুরুষ যাত্রী। মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনরা হলেন- রফিকুল (৩৮), তানভীর (২৭), শাইদুল ইসলাম (২৭), শাহানারা সুলতানা (২২) ও হালিমা বেগম (৬৫)। খুলনার দৌলতপুরের পাবলা বণিকপাড়ার পিন্টু পাণ্ডে (২৮) রাস্তার পাশে স্ত্রী দীপার লাশ নিয়ে নির্বাক দাঁড়িয়েছিলেন। তার পাশেই রাস্তায় পড়ে আছে দুমড়ে মুচড়ে যাওয়া সুন্দরবন পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো জ-১১-০৫৯৯)। এই বাসে করে তিনি বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে গোপালগঞ্জের নানাবাড়ি থেকে খুলনা ফিরছিলেন। দুপুর তিনটার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের চাঁদের হাট নামক স্থানে দুর্ঘটনায় পড়েন। পিন্টু পাণ্ডে বলেন, "হঠাৎ করেই দুটি বাসের হর্ন ও প্রচণ্ড ধাতব শব্দ শুনতে পাই। তারপর আর কিছুই জানি না।" দুর্ঘটনা কবলিত রূপসী পরিবহনের বাসের (খুলনা ব-৯৬৬) যাত্রী কুমারেশ কর্মকার (২৫) জানান, বাস চালকের সহকারীকে তিনি বলতে শুনেছেন 'ওস্তাদ, একটা বাস'। এর পরে তিনি আর কিছু জানেন না। পরে নিজেকে তিনি রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বাগেরহাটের পুলিশ সুপার আওলাদ আলী ফকির দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মহিলা ও শিশুসহ ১১ জন নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৫ ঘ.