ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধদের বিচারের জন্য আগামী সপ্তাহের শুরুতে তদন্ত সংস্থা নিয়োগ করবে সরকার। এছাড়া আগামী ২ সপ্তাহের মধ্যে প্রসিকিউটর নিয়োগ এবং ট্রাইব্যুনাল গঠন করারও সিদ্ধান্ত নেওযা হয়েছে।
বৃহস্পতিবার সাংবাদিকদের একথা জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, "এ সিদ্ধান্তের মাধ্যমে আজ থেকে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হল।"
আইনমন্ত্রী বলেন, "৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার করতে আগামী সপ্তাহের শুরুতে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তকারী সংস্থা নিয়োগ দেবে। এরপর আগামী দুই সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে প্রসিকিউটর নিয়োগ এবং ট্রাইব্যুনাল গঠন করবে আইন মন্ত্রণালয়।"
তিনি বলেন, "আমরা চাই বিচার প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও সঠিকভাবে সম্পন্ন হোক। যাতে কোনো নিরাপরাধ ব্যক্তি 'ভিকটিম' না হয়।"
যারা প্রকৃত অপরাধী তাদেরই বিচারের আওতায় আনা হবে।
সরকারি দলের কারো কারো বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে- এরকম এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, "যুদ্ধাপরাধী যেই হোক না কেন তারাই বিচারের আওতায় আসবে। দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে যারা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা চালিয়েছে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুাল) আইন অনুযায়ী তাদের বিচার করা হবে।"
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
আইনমন্ত্রীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, এটর্নি জেনারেল মাহবুবে আলম, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালকসহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।
খালেদা জিয়ার বাড়ির ইজারা বাতিল প্রসঙ্গে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ইজারা বাতিল প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, "খালেদা জিয়ার বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে। এতে বেআইনি কিছু হয়নি।"
এর কারণ সম্পর্কে তিনি বলেন, "এতে রাজনৈতিক প্রতিহিংসা কিংবা অন্য কিছু ছিলনা। বেআইনিভাবে বাড়িটি বরাদ্দ দেয়া হয়েছে। সেজন্যই বরাদ্দ বাতিল করা হয়।"
শফিক আহমেদ আরো বলেন, "যে কোন মানুষকে প্রশ্ন করলে তারা বলে দেবে একই ব্যাক্তি অন্যান্য সুযোগ সুবিধাসহ একই সঙ্গে সরকারের দুইটি বাড়ি পেতে পারে কিনা। তারা উত্তর দেবে, এটা কোনভাবেই যৌক্তিক এবং নৈতিক দিক দিয়ে ঠিক নয়।"
আইনমন্ত্রী বলেন, "এটা আমি রাজনৈতিক প্রতিহিংসা কিংবা প্রতিশোধের কথা বলছিনা। নৈতিকতার কথা বলছি। জিয়াউর রহমানের স্মৃতির কথা বলা হলে গণভবনও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার পরিবারের স্মৃতি বিজড়িত।"
তিনি বলেন, শেখ রেহানার নামে ধানমন্ডিতে সরকার একটি বাড়ি বরাদ্দ দিয়েছিল। কিন্তু বিএনপি সরকার সেটা বাতিল করে সেখানে পুলিশ স্টেশন নির্মান করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী তা উদ্বোধন করেন।
এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, এ বিষয়ে তখনকার সরকার ক্ষমতা প্রয়োগ করতে পারলে বর্তমান সরকার পারবেনা কেন।
সরকারের এ সিদ্ধান্ত রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "বাংলাদেশে সব কিছুকেই রাজনীতিতে জড়ানো যায়। তাছাড়া এটা কোন রাজনৈতিক বিষয় নয়। খুব সাধারণ সিদ্ধান্ত। দেশ ও জনগনের স্বার্থে নেয়া হয়েছে।"
আইনমন্ত্রী বলেন, "বাড়িটা বরাদ্দ দেয়ার প্রক্রিয়াই ছিল বেআইনি। এক ব্যাক্তিকে দুটি বাড়ি বরাদ্দ দেয়া যায়না। আবার একক সিদ্ধান্তেও দেয়া যায়না। যিনি বরাদ্দ দিয়েছেন সেই এরশাদও বলছেন, বাড়িটিতে বসে তিনি রাজনীতি করবেন জানলে বরাদ্দ দিতেন না।"
বাড়িটির দলিল তাদের কাছে রয়েছে- ব্যারিস্টার মওদুদ আহমেদের এ দাবি সম্পর্কে তিনি বলেন, "দলিল থাকলেও তা আইনসিদ্ধ হবেনা। কেননা কেউ দলিল করে থাকলেও তা সঠিক হয়নি। কারণ বরাদ্দ প্রক্রিয়াটাই অবৈধ ছিল।"
যিনি অবৈধভাবে বাড়িটি বরাদ্দ দিয়েছেন তাকে আইনের আওতায় আনা হবে কিনা জানতে চাইলে শফিক আহমেদ বলেন, যে দিয়েছে তো দিয়েছেই। এখন আর প্রশ্ন তুলে লাভ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১৫৫৮ ঘ.
bdnews24