সাতক্ষীরা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা বুধবার আলাদা আলাদাভাবে অভিযান চালিয়ে ৭৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে দু'জনকে।
আটকরা হলো সদর উপজেলার রসুলপুর পশ্চিম পাড়ার মতিয়ার রহমান গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৮) ও ভোমরা লক্ষীদাড়ি এলাকার জিয়াদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৬)।
৪১, রাইফেলস ব্যাটালিয়নের ডিএডি মাহাবুবুর রশিদ জানান, গোপনে সংবাদ পেয়ে কলারোয়া উপজেলার হিজলদি ক্যাম্পের বিডিআর সদস্যরা সকালে তালাসারি মাঠ থেকে ৬০০ বোতল ফেন্সিডিল, সদর উপজেলার ঝাউডাঙ্গা ক্যাম্পের সদস্যরা পাকারাস্তা থেকে ৫৬ বোতল ফেন্সিডিল ও ভোমরা ক্যাম্পের সদস্যরা বন্দর এলাকা থেকে ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয় হাফিজুল ইসলামকে।
সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক হুমায়ূন কবির জানান, সকালে শহরের বকচরা এলাকা থেকে তারা ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তরিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২৩১৫ ঘ.
bdnews24