২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েট ক্যাম্পাসে কিশোরীকে গণধর্ষণ, দুই ধর্ষক গ্রেপ্তার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে মঙ্গলবার রাতে এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

রাজশাহী, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে মঙ্গলবার রাতে এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে। মতিহার থানা পুলিশ জানায়, নগরীর রানীনগর এলাকার ওই কিশোরী মঙ্গলবার সন্ধ্যায় একই এলাকার লালন নামের এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা আদায়ে সহায়তার জন্য নগরীর ২৬ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে যান। কিন্তু কাউন্সিলরের অনুপস্থিতির সুযোগে তার কার্যালয়ের পিয়ন রকি ও তার সহযোগী সুজন, মারুফ ও সাবিউল টাকা আদায় করে দেয়ার কথা বলে কিশোরীকে কৌশলে রুয়েট ক্যাম্পাসে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষকরা পালিয়ে যায়। পুলিশ আরও জানায়, রাত সাড়ে আটটার দিকে জ্ঞান ফিরে এলে ওয়ার্ড কাউন্সিলর মোখলেসুর রহমান খলিলের কাছে গিয়ে কিশোরীটি ঘটনার প্রতিকার দাবি করে। কাউন্সিলর ধর্ষিত কিশোরীকে নিজ জিম্মায় রেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নগরীর ভদ্রা এলাকার আব্দুল মজিদের ছেলে রকি ও আব্দুল হকের ছেলে সুজনকে গ্রেপ্তার করে। অপর দুই ধর্ষক মারুফ ও সাবিউল বর্তানে পলাতক রয়েছে। এ ব্যাপারে মতিহার অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার এমকে জাহাঙ্গীর হোসেন জানান, ধর্ষণের শিকার কিশোরী বাদী হয়ে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২২১০ ঘ.