কামরান রেজা চৌধুরী
প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে মঙ্গলবার প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর উপস্থিতিতে।
দীর্ঘ দেড় যুগ পর সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে ঘটলো এই 'বিরল' ঘটনাটি। সর্বশেষ ১৯৯১ সালে দুই নেত্রী প্রথম অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত ছিলেন।
নবম সংসদ অধিবেশনের ৩৯ কার্যদিবসের মধ্যে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সংসদে যোগ দেন তিন দিন। এর আগে ২৫ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান ও ১ মার্চ সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন তিনি।
বিরোধী দলের নেতা মঙ্গলবার বিকাল ৫টা ৪৩ মিনিটে সংসদে তার বক্তব্য শুরু করেন। এক টানা ৩৭ মিনিট ধরে বক্তব্য দেওয়ার পর মাগরিবের নামাজের জন্য স্পিকার ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
পরে রাত ৮টার দিকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন ও অধিবেশনের সমাপণী বক্তৃতা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট ধরে বক্তব্য রাখেন তিনি।
নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন আরও কয়েকটি কারণে ঐতিহাসিক হয়ে থাকবে। মন্ত্রণালয়ের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই প্রথম সব সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হলো সংসদের প্রথম অধিবেশনেই।
আগের আটটি সংসদের কোনটিতেই এ ধরনের কমিটি প্রথম অধিবেশনে গঠন করা সম্ভব হয়নি। কোন কোন ক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করতে তিন বছর পর্যন্ত লেগে যায়।
গত সোমবার পর্যন্ত সংসদে মোট ৩০টি বিল পাস হয়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ১৭০ সাংসদ প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন করে বক্তব্য রাখেন। এজন্য তারা সময় নিয়েছেন মোট এক হাজার ৩৩৫ মিনিট।
এছাড়া বিরোধী দলের ১৯ সাংসদও রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখেন। এজন্য তারা সময় নিয়েছেন ১৮৬ মিনিট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/টিআর/০০২০ঘ.
bdnews24