ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে ময়মনসিংহে ১৩ 'রাজাকার' এবং খুলনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ 'রাজাকারের' বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
এছাড়া অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সাতক্ষীরার এক ইউপি চেয়ারম্যানসহ ৩০/৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
ময়মনসিংহ: মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের ফুলপুরে নয়জনকে হত্যার অভিযোগে ১৩ 'রাজাকারের' বিরুদ্ধে একটি মামলা হয়েছে আদালতে। যুদ্ধাপরাধের অভিযোগে এটিসহ ময়মনসিংহে তিনটি মামলা হল।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম লুৎফর রহমান শিশির-এর আদালতে মঙ্গলবার মামলাটি দায়ের করেন ফুলপুর উপজেলার পশ্চিম বাখাই গ্রামের পরিমল চন্দ্র দাস।
আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
তের আসামি হলেন, ফুলপুর উপজেলার তারাকান্দা থানার কাকনি গ্রামের মোতালেব খান, আবু সিদ্দিক, উমেদ আলী, দাউদ হাফিজ, শহর আলী, বনু মিয়া, আনোয়ার হোসেন বিহারী, আবু বক্কর, বসির মেকার, মাহবুব মণ্ডল, শামসুল হক তালুকদার, হাফিজ উদ্দিন ও রইছউদ্দিন তালুকদার হাসু।
মামলায় এদের সবাইকে 'রাজাকার' বলে উল্লেখ করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ১৯৭১ সালের ৪ আগস্ট আসামিরা পাক হানাদার বাহিনী সঙ্গে নিয়ে পশ্চিম বাখাই গ্রামের বাড়ি ঘেরাও করে বাদির বাবা যোগেশ চন্দ্র দাস, বড় ভাই বিমল চন্দ্র দাস, পিসতুত ভাই পৃথিশ সরকার, বাড়ির দুই চাকর নিপেন্দ্র ক্ষত্রিয় ও নরেন্দ্র ক্ষত্রিয়, পূর্ব বাখাই গ্রামের উপেন্দ্র চন্দ্র তালুকাদার, ধীরেন্দ্র চন্দ্র তালুকদার, রমণী ভন্দ্র, ধীরেন্দ্র ক্ষত্রিয়, অবিনাশ দাস ও ডা. নরেন্দ্র চন্দ্র দাসকে তাদের নিজ নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানোর পর কংস নদীর তীরে দাঁড় করিয়ে এক এক করে তাদের গুলি করে।
এদের মধ্যে বাদির বড় ভাই বিমল চন্দ্র দাস ও পিসতুত ভাই পৃথিশ সরকার মরার ভান করে পানিতে পড়ে ডুব দিয়ে পালিয়ে যান। বাকি নয়জনের লাশ কংস নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
মামলায় ১১ জনকে সাক্ষী করা হয়েছে।
এ ব্যাপারে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জানান, তিনি মামলা হওয়ার কথা শোনেননি। থানায় নথি এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে দুই মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে গত ২ এপ্রিল সাবেক সাংসদ জেলা বিএনপি'র সহ-সভাপতি ফজলুর রহমান সুলতান ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন খানসহ ১৯ জনের বিরুদ্ধে একটি মামলা করেন গফরগাঁও উপজেলার দেউলপাড়া গ্রামের শহীদ মোহাম্মদ আলী মাস্টারের ছেলে মো. আবু খালিদ। ২৩ মার্চ গফরগাঁও উপজেলার সাদুয়া গ্রামের আফাজউদ্দিন খান বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেন।
খুলনা: ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে চার রাজাকারের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে আদালতে।
এ নিয়ে খুলনায় 'রাজাকারের' বিরুদ্ধে তিনটি হত্যা মামলা হল।
মঙ্গলবার প্রধান বিচারিক হাকিম রোজিনা আক্তারের আদালতে মামলাটি করেন বটিয়াঘাটার ভাণ্ডার কোর্ট গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন শেখের বাবা এহতেশামুল হক।
বিচারক আরজিটি গ্রহণপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- মুছা বেহারা (৭৫), ইনছান আলী শেখ (৬০), আমির বেহারা (৬০), শাহাদাৎ বিশ্বাস (৬৫) এবং অজ্ঞাত আরও ১০/১২ জন।
মামলায় আফতাব উদ্দিন শেখকে মুক্তিযোদ্ধা এবং আসমিদের রাজাকার বলে উল্লেখ করা হয়।
মামলার আভিযোগে বলা হয়, আসামিরা ১৯৭১ সালের ২৮ আগস্ট জমিতে ধান রোপনরত আফতাব উদ্দিনকে ধরে নিয়ে যায়। এরপর তাকে স্থানীয় রাজাকার ক্যাম্পে মামলার ৩ নম্বর সাক্ষী লিয়াকত আলী শেখের সঙ্গে একত্রে আটকে রাখে। ওইদিন সন্ধ্যায় আসামিরা আফতাবকে ক্যাম্পের সামনের রাস্তায় নিয়ে যায়।
এরপর ১ নম্বর আসামি মুছা বেহারা রাইফেল দিয়ে আফতাবের পিঠে গুলি করে। আফতাব মাটিতে পড়ে ছটফট করতে থাকলে ২ নম্বর আসামি ইনছান আলী শেখ বেয়নেট দিয়ে তার বাম চোখে আঘাত করে এবং ৩ নম্বর আসামি আমির বেহারা রাইফেলের বাট দিয়ে আফতাব শেখকে চেপে ধরে।
ঘটনার দু'দিন পর ৩০ আগস্ট ওই গ্রামের মল্লিকের শীলার খালে ভাসমান অবস্থায় আফতাবের লাশ পাওয়া যায়।
এ মামলায় ৫ জনকে সাক্ষী করা হয়েছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ আলী বলেন, তিনি মামলা হওয়ার কথা শুনেছেন। তবে নথি এখনও হাতে পাননি। নথি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১০ ফেব্র"য়ারি শহীদ আফতাবের মা সালেহা খাতুন বাদী হয়ে মহাকুমা হাকিমের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
ওই বছরের ৫ এপ্রিল বটিয়াঘাটা থানায় মামলাটি (নং ৭) রেকর্ড হয়। কিন্তু সে মামলার বিচার কাজ আর এগোয়নি।
সাতক্ষীরা: অগিসংযোগ, লুটপাট ও নির্যাতনের অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউপি চেয়ারম্যানসহ দু'জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০/৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে আদালতে।
মঙ্গলবার সাতক্ষীরার বিচারিক হাকিম এম এ সাঈদ এর আদালতে মামলাটি করেন তালা উপজেলার মদনপুর গ্রামের আকিম উদ্দীনের ছেলে সাজিদুর রহমান।
আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সহকারী পুলিশ সুপারিনটেনডেন্টকে (এএসপি-সার্কেল) নির্দেশ দেন।
আসামিরা হলেন- তালা উপজেলার তেতুলিয়া ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মোল্লা, হাটবাস গ্রামের সরফুদ্দীন এবং অজ্ঞাত আরও ৩০/৩৫ জন।
মামলার অভিযোগে বলা হয়, বর্তমান তেতুলিয়া ইউপি চেয়ারম্যান মোকবুল হোসেন মোল্লা ও তার সহযোগী একই উপজেলার হাটবাস গ্রামের সরফুদ্দীন তাদের কয়েকজন সহযোগীকে নিয়ে ১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর পাক সেনাদের সঙ্গে বাদীর বাড়িতে এসে তাকে ঘরের মধ্যে আটকে আগুন ধরিয়ে দেয়।
তিনি ঘর থেকে বেরিয়ে এলে আসামিরা তাকে পাটকেলঘাটায় পাক বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে নেওয়া হয় কপোতাক্ষ নদের তীরে পার কুমিরা বধ্য ভূমিতে। এ সময় প্রাণ ভিক্ষা চাইলে আসামিরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। বাদী ১০ হাজার টাকা চাঁদা দিয়ে প্রাণে রক্ষা পান বলে আরজিতে উল্লেখ করেন।
ইতোমধ্যে আসামিরা তার বাড়ির চারটি ঘরে আগুন লাগিয়ে সোনার গহনা, টাকা ও অন্যান্য সম্পদ লুট করে।
এ ব্যাপারে এএসপি আব্দুল হান্নান বলেন, মামলার কথা তিনি জানেন না। তবে মামলা হয়ে থাকলে এবং এর নথি হাতে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৬ ঘ.
bdnews24