২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গ্যাসের চুলার আগুনে পুড়ে একই পরিবারের ছয়জন আহত

গ্যাসের চুলার আগুনে পুড়ে আহত হয়েছেন একই পরিবারের ছয় সদস্য। তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 02:53 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্যাসের চুলার আগুনে পুড়ে আহত হয়েছেন একই পরিবারের ছয় সদস্য। তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকালে রাজধানীর দারুসসালাম (মিরপুর) এলাকার দ্বিতীয় কলোনির ২০/২ বর্ধনবাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আব্দুল মজিদ (৫৫), তার স্ত্রী হেলেনা বেগম (৪৫), ছেলে হেমায়েত (২৮), সুমন (২০), পুত্রবধূ রিতা (২১) ও নাতনী মায়া ওরফে সোমা (১৮ মাস)। তাদের মধ্যে হেমায়েত ও রিতার কন্যা মায়ার অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন আব্দুল মজিদ জানান, চুলা জ্বালানোর জন্য সকালে তার স্ত্রী ম্যাচ জ্বালাতেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে বাড়ির সবাই আহত হন। তারা ধারণা করছেন গ্যাসের চুলার চাবি খোলা ছিল অথবা গ্যাস-লাইনে ফুটো হয়ে গ্যাস নিঃসরণের ফলে এ ঘটনা ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আব্দুল মজিদের শরীরের শতকরা ১৮ ভাগ, হেলেনা বেগমের ৪৫ ভাগ, হেমায়েতের ৩০ ভাগ, সুমনের ৪৫ ভাগ, রীতার ২১ ভাগ ও শিশু মায়ার বুক, হাত ও পা ঝলসে গেছে। গত বুধবার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাড্যায় গ্যাসের চুলার আগুনে একই পরিবারের ১১ জন পুড়ে যায়। তাদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/টিআর/২১৪৫ ঘ.