নরসিংদী, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য পরিবেশ-বান্ধব শিল্প কারখানা গড়ে কর্মসংস্থানের ব্যবস্থার কথা জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
তিনি বলেন, "দূষিত পানি ও বাতাস একত্রিত হয়ে আমাকে, আপনাকে আক্রমণ করতে পারে। তাই পরিবেশ-বান্ধব শিল্প কারখানা গড়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।"
মঙ্গলবার নরসিংদী পৌর সভাকক্ষে জেলার বস্ত্র মিল মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
পরিবেশ ও দেশ বাঁচানোর আহ্বান জানানোর পাশাপাশি তিনি শিল্প মালিকদের বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ এবং পানি শোধনাগার স্থাপনসহ বিভিন্ন কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, নরসিংদী-১ (সদর) আসনের সাংসদ নজরুল ইসলাম হিরু, নরসিংদী জেলা সাইজিং এন্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজের সভাপতি এ কে ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, "বিএনপি সরকার খুঁটি বসিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। বিদ্যুৎ সমস্যা সমাধানে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।"
দিন বদলের অঙ্গীকার নিয়ে মহাজোট ক্ষমতায় এসে বিদ্যুৎ সমস্যা সমাধানে কর্মসূচি গ্রহণ করেছে বলে উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৪ ঘ.
bdnews24