টাঙ্গাইল, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোর গ্রাম থেকে মঙ্গলবার চারশ' বায়ান্ন রাউন্ড সাব মেশিন কারবাইনের (এসএমসি) গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।
বাসাইল থানার উপ-পরিদর্শক আবুল বাশার জানান, উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর সেতুর পাশে শ্রমিকরা মাটি কাটার সময় সকাল সাড়ে ৮টার দিকে পলিথিনে মোড়া গুলি ও ম্যাগজিন দেখতে পায়।
তিনি বলেন, "এলাকাবাসীর কাছে খবর পেয়ে বাসাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে এসএমসি'র চার শ' বায়ান্ন রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করে থানায় নিয়ে যায়।"
আবুল বাশার জানান, উদ্ধার করা গুলি ও ম্যাগজিন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। কোনো মামলাও হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৯ ঘ.
bdnews24