২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ছিনতাইকারী- র‌্যাব গোলাগুলি, একজন গুলিবিদ্ধ

সাভারের উলাইল বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে মঙ্গলবার ভোররাতে ছিনতাইকারীদের সঙ্গে র‌্যাব সদস্যদের গোলাগুলি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 10:08 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

সাভার, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের উলাইল বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে মঙ্গলবার ভোররাতে ছিনতাইকারীদের সঙ্গে র‌্যাব সদস্যদের গোলাগুলি হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় ছিনতাইকারী মহর আলীকে গ্রেপ্তার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র‌্যাব-৪ সাভার ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকতা লেফটেন্যান্ট কমান্ডার আরিফুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় র‌্যাব সদস্য নায়েক বেলায়েত হোসেনও আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড রিভলবারের গুলি এবং সিএনএস নামের সাভারের একটি সংবাদ সংস্থার স্টিকার লাগানো নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা। লেফটেন্যান্ট কমান্ডার আরিফ জানান, মঙ্গলবার ভোররাতে মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডের কাছে সাভার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ছিনতাইকারীরা এক ব্যক্তির সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তার চিৎকারে টহলরত র‌্যাব সদস্যরা এগিয়ে গেলে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে গুলিবিদ্ধ মহর আলীকে ফেলে অপর ছিনতাইকারীরা পালিয়ে যায়। মহর আলী সাভার পৌর এলাকার দিলখুশবাগ এলাকার রুস্তম আলীর ছেলে। র‌্যাব সদস্যরা মহর আলীকে গ্রেপ্তার করে প্রথমে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সকাল ৭টার দিকে অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে র‌্যাব-৪ সাভার ক্যাম্পের নায়েক সুবেদার নিজাম উদ্দিন সাভার থানায় পৃথক দুটি মামলা (নম্বর-৩০ ও ৩১) করেন। ঘটনাস্থল থেকে সংবাদ সংস্থার স্টিকার লাগানো মোটরসাইকেল উদ্ধার হওয়ার বিষয়ে সিএনএস এর সম্পাদক মো. সামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহর আলী নামে তাদের কোন সংবাদদাতা নেই। মোটরসাইকেলটি তাদের সংস্থার নয়।" স্টিকার লাগানোর ব্যাপারে তার কিছু জানা নেই বলেও তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১১ ঘ.