ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার সকালে পাঁচজন নিহত হয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, জেলার ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের নওধার নামক স্থানে সকালে দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং তিনজন আহত হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আল খায়ের মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বালু ভর্তি একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ময়মনসিংহগামী সবজি বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।"
এতে ঘটনাস্থলেই বালু শ্রমিক আলম ও গিয়াস উদ্দিন গেসুসহ অজ্ঞাত এক ব্যক্তি মারা যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকচালক মিরাজ আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অজ্ঞাত অপর দুজনকে ত্রিশাল স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলম, গিয়াসউদ্দিন ও মিরাজ আলীর বাড়ি ত্রিশালের চুরখাই গ্রামে।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর সদরের বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার সকালে ট্রাক চাপায় রিকশাআরোহী দুই গার্মেন্টস কর্মী নিহত হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল আটটার দিকে রিকশায় করে কর্মস্থলে যাওয়ার সময় সাউদার্ন গার্মেন্টসের কর্মী খাদিজা বেগম (২৪) এবং তার পুরুষ সহকর্মী (৩০) ট্রাকের চাপায় নিহত হয়।"
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ২৫/৩০টি গাড়ি ভাঙচুর করে এবং দুইটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও দমকল কর্মীরা ঘটনাস্থলে আসে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে- পুলিশের এ আশ্বাসে সকাল ১০টার দিকে তারা অবরোধ তুলে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১১৫৯ ঘ.
bdnews24