২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত সংসদ নির্বাচনে ৮৭ শতাংশ প্রার্থী ব্যয়সীমা লংঘন করেছেন: টিআইবি

নবম জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৮৭ শতাংশ প্রার্থী নির্বাচন কমিশন নির্ধারিত ব্যয়সীমা লংঘন করেছেন । টিআইবি'র এক রিপোর্টে একথা বলা হয়েছে। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নবম জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া নিরীক্ষা সংক্রান্ত এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 05:57 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৮৭ শতাংশ প্রার্থী নির্বাচন কমিশন নির্ধারিত ব্যয়সীমা লংঘন করেছেন । টিআইবি'র এক রিপোর্টে একথা বলা হয়েছে। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নবম জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া নিরীক্ষা সংক্রান্ত এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিবেদনটি সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন গবেষক শাহজাহান এম আকরাম। ওই প্রতিবেদনে বলা হয়, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রত্যেক প্রার্থীর গড় ব্যয় হয়েছে ৪৪ লাখ টাকার বেশি। দেশের ৪০টি সংসদীয় আসনের ওপর এ জরিপ চালায় টিআইবি। টিআইবি'র এ গবেষণায় দেখা যায়, ৮৮ জন প্রার্থীর মধ্যে ৭৭জনই নির্বাচন কমিশনের কাছে দাখিলকৃত হলফনামার বাইরে অতিরিক্ত ব্যয় করেছেন। এতে বলা হয়, ওই ৪০টি আসনে ৮৮ জন প্রার্থী গড়ে ৪৪ লাখ ২০ হাজার ৯৭৯ টাকা ব্যয় করেছেন। কিন্তু নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী সংসদ নির্বাচনে প্রত্যেক প্রার্থীর ব্যয়সীমা ছিল ১৩ লাখ ১৫ হাজার ১২০ টাকা। দল অনুযায়ী প্রার্থীদের মধ্যে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীরা গড়ে ৫০ লাখ টাকার বেশি এবং আওয়ামী লীগের প্রার্থীরা গড়ে ৩৫ লাখ ৬৭ হাজার ৩২১ টাকা ব্যয় করেন। ব্যয়ের মধ্যে জনসংযোগ, দলীয় কর্মীর খরচ ও উন্নয়নমূলক কাজে অনুদানই বেশি। আওয়ামী লীগের ৬ জন, বিএনপির ৮ জন এবং ১ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনের নির্ধারিত ব্যয়সীমার মধ্যে খরচ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এদের কারো নাম জানায়নি টিআইবি। বর্তমান সাংসদদের নির্বাচনী ব্যয় ও ব্যয়ের রিটার্ন সম্পর্কিত হলফনামা দ্রুত অডিট করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান টিআইবি'র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ''আমাদের গবেষণায় দেখা গেছে, সাংসদদের অধিকাংশই মিথ্যা হলফনামা নির্বাচন কমিশনে দিয়েছেন। তারা হলফনামায় নির্বাচনী ব্যয়ের যে কথা বলেছেন, তার সঙ্গে বাস্তব খরচের কোনো মিল নেই। তাই নির্বাচন কমিশনের প্রতি আমাদের দাবি দ্রুত তা অডিট করে জনসমক্ষে প্রকাশ করুন।'' নবম সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে শতকরা ৯৫ দশমিক ৪৫ ভাগ প্রার্থী নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী ব্যয়ের রিটার্ন জমা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গবেষণা প্রতিবেদনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার ব্যয় ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা নিয়মিত পর্যবেক্ষণ ও বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়া, প্রার্থীদের ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশ, নির্বাচনী ব্যয়ের রিটার্ন যাচাই-বাছাইয়ের সুপারিশ করা হয়েছে। পর্যবেক্ষণ কাঠামোর মাধ্যমে ডাটাবেজ তৈরিরও প্রস্তাব করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও গবেষক সাধন কুমার দাস উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/এসকে/২১০০ঘ.