২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের মামলায় দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র জেলহাজতে

দুর্নীতি দমন কমিশনের মামলায় দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 10:41 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

দিনাজপুর, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি দমন কমিশনের মামলায় দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। দিনাজপুরের জেলা ও দায়রা এবং সিনিয়র স্পেশাল জজ মো. আব্দুস সামাদ লাবুর জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। দুপুর ১২ টায় আদালত থেকে লাবুকে প্রিজন ভ্যানে করে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। গত বছরের ৪ ডিসেম্বর দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শেখ মেজবাহ উদ্দিন সাবেক পৌর মেয়র লাবু ও ১২ কাউন্সিলরসহ ২৬ জনকে আসামি করে মামলাটি করেন। পৌরসভার রাস্তাঘাট খনন ও মেরামতের ১৩টি ভূয়া প্রকল্প দেখিয়ে প্রায় ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। দুদকের আইনজীবী আবু তালেব জানান, আসামি এর আগে হাইকোর্টে জামিনের জন্য আবেদন জানান। হাইকোর্ট তাকে ১০ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। সে অনুযায়ী পৌরসভার সাবেক মেয়র লাবু সোমবার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে। সকাল থেকে লাবুর কয়েকশ' সমর্থক আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুরে তাকে জেলহাজতে নেওয়ার সময় সমর্থকরা লাবুর মুক্তি চেয়ে স্লোগান দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৩ ঘ.