২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একবারে পে কমিশন বাস্তবায়ন সম্ভব নয়: মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পে কমিশনের সুপারিশে যাই থাকুক না কেন তা একবারে বাস্তাবায়ন করা হবে না। সোমবার সকালে সচিবালয়ে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড একাউন্টিং ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ (আইসিএমএবি) এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 06:57 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পে কমিশনের সুপারিশে যাই থাকুক না কেন তা একবারে বাস্তাবায়ন করা হবে না। সোমবার সকালে সচিবালয়ে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড একাউন্টিং ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ (আইসিএমএবি) এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। পে কমিশনের রিপোর্ট পাওয়া গেছে কিনা জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, "এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। তবে কয়েকদিনের মধ্যে রিপোর্ট পাওয়া যেতে পারে।" আগামী বাজেটে পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হবে কিনা এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "পে কমিশন ধাপে ধাপে বাস্তবায়ন হবে। পে কমিশনের রিপোর্টে যাই থাকুক না কেন আগামী বাজেটে পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হবে না। কারণ এখানে অনেক টাকা প্রয়োজন। এক শতাংশ ব্যয় বাড়লেও অনেক টাকার প্রয়োজন হবে। যে পরিস্থিতিতে পে কমিশন গঠন করা হয়েছিল সে পরিস্থিতি এখন আর নেই। এখন বাজেটেও অনেক ঘাটতি রয়েছে। তাই পুরোপুরি একবারে বাস্তাবায়ন করা সম্ভব হবে না।" নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় কর্মকর্তা কর্মচারীদের দাবির প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার গত অক্টোবরে পে কমিশন গঠন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমডি/জিএনএ/১৩০০ ঘ.