সিলেট, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিবদমান দু'টি গ্র"পের নেতাকর্মীরা রোববার ক্যাম্পাসে পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করেছে।
এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের একজন সাংবাদিক জানান, দুপুর ১টার দিকে ছাত্রলীগের আরিফ-মলয় গ্র"পের প্রায় দেড়শ' নেতাকর্মী ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। একই সময় প্রতিপক্ষ রাজু গ্র"পের নেতাকর্মীরা মিছিল বের করলে উত্তেজনা দেখা দেয়। এ সময় ক্যাম্পাস থেকে বাস চলাচলও বন্ধ হয়ে যায়।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। করণীয় নির্ধারণে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল কমিটির বৈঠক ডাকা হয়েছে। তবে বৈঠকের সিদ্ধান্ত জানা যায়নি।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক মাস ধরে শাবিতে ছাত্রলীগের দু'টি গ্র"পের মধ্যে বিরোধ চলছে। গত মঙ্গলবার ছাত্রলীগের রাজু গ্র"পের হামলায় ফজলে রাব্বী নামে এক নেতা আহত হন।
বিশ্ববিদ্যালয়ের ওই সাংবাদিক জানান, নিরাপত্তা, হল ও ক্যাম্পাসে দখলদারিত্বের অবসান এবং ফজলে রাব্বীর উপর হামলাকারীদের বিচার দাবি করে আরিফ-মলয় গ্র"প রোববার মিছিল করে। প্রতিপক্ষ রাজু গ্র"পের নেতা-কর্মীরাও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি করে মিছিল করে।
এদিকে, আওয়ামী লীগ সভানেত্রীর সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছেন কলেজ ছাত্রলীগ নেতারা।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসে এ মানববন্ধন হয়। মানবন্ধনকারীদের বহনকারী ব্যানারে লেখা ছিল 'প্রধানমন্ত্রী আপনার নির্দেশ অমান্যকারীরা ছাত্রলীগের কেউ নয়, আমাদের অভিভাবকশূন্য করবেন না, আপনার সিদ্ধান্ত পূনর্বিচনা করুন'।
বিকালে কলেজ ছাত্রলীগ সভাপতি ফরহাদ উদ্দিন হাসান মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্যকারীরা ছাত্রলীগের কেউ নয়। তাই আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে মানববন্ধন করেছি।"
আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে ঢাকা মেডিকেল কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীদের নেতাকর্মীদের মধ্যে বিরোধ, সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজে ছাত্রলীগের সংঘর্ষে একজন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্র শিবির সংঘর্ষে একজন ছাত্র নেতা নিহত হন। এসব ঘটনায় এ দুটি প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীর পদ ছেড়ে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫১ ঘ.
bdnews24