২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পাতাল রেল স্থাপনে অর্থ সাহায্য দিতে আগ্রহী জাপান

ঢাকায় পাতাল রেল নির্মাণে প্রকল্প ব্যয়ের ৬০ শতাংশ অর্থ সহায়তা দিতে সম্মত হয়েছে জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)। তবে এ জন্য জাপানের একটি কোম্পানির সঙ্গে বাংলাদেশী প্রতিষ্ঠানকে কনসোর্টিয়াম গঠন করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 11:47 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় পাতাল রেল নির্মাণে প্রকল্প ব্যয়ের ৬০ শতাংশ অর্থ সহায়তা দিতে সম্মত হয়েছে জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)। তবে এ জন্য জাপানের একটি কোম্পানির সঙ্গে বাংলাদেশী প্রতিষ্ঠানকে কনসোর্টিয়াম গঠন করতে হবে। বাংলাদেশে পাতাল রেল প্রকল্প বাস্তবায়নে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান কনটেক লিমিটেডের পক্ষ থেকে ইতোমধ্যে জাপানের ইতোচু করপোরেশনের সঙ্গে কনসোর্টিয়াম করার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। সরকারের পক্ষ থেকে কনটেক লিমিটেডকে অনুমতিপত্র (এলওআই) দেওয়া হলেই কাজের প্রক্রিয়া শুরু হবে। যোগাযোগ মন্ত্রণালয়ে রোববার এক বৈঠকে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা উপস্থাপন করেন কনটেক'র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মাসুদ রেজা। সভায় মন্ত্রী ছাড়াও সড়ক ও রেলপথ বিভাগের সচিব এএসএম আলী কবীর ও জাপানের ইতোচু করপোরেশনের মহাব্যবস্থাপক (জিএম) তারু হিসাবায়াশি উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, যেকোনো শহরে রাস্তা নির্মাণের জন্য ২৫ থেকে ৩০ শতাংশ জায়গা দরকার। তবে ঢাকায় রয়েছে মাত্র ছয় থেকে সাত শতাংশ। এক কোটি ২০ লাখ মানুষের এ নগরীতে এ কারণে যানজট লেগে থাকাই স্বাভাবিক। এ অবস্থা থেকে উত্তরণে যোগাযোগ মন্ত্রণালয় ২০০২ সালে পাতাল রেল স্থাপনের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এতে অংশ নিয়ে ২০০৩ সালের ১৬ ফেব্র"য়ারি কনটেক লি. সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়। কনটেকের পক্ষে জানানো হয়, সরকারের নির্দেশনা পেলে দেশি ও বিদেশি পরামর্শকদের নিয়ে আগামী ছয় মাসের মধ্যে চূড়ান্ত নকশা প্রণয়নসহ মন্ত্রণালয়ে জমা দেওয়া সম্ভব হয়। এরপর চুক্তিপত্র সম্পাদন করে দ্রুত পাতাল রেল নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে। এতে মোট ব্যয় হবে ১০ থেকে ১২ হাজার কোটি টাকা। যার ৬০ শতাংশ জেবিআইসি দেবে। বাকি ৪০ শতাংশ স্থানীয় মুদ্রাবাজার ও ব্যাংকের সিন্ডিকেশনের মাধ্যমে সংগ্রহ করা হবে। আরো জানানো হয়, সেনা কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নে যান্ত্রিক সহায়তা দেওয়া হবে। এতে 'কাট অ্যান্ড কভার' পদ্ধতিতে ৫০টি স্টেশনসহ ৫২ কিলোমিটার দীর্ঘ ছয় রুটের পূর্ণাঙ্গ পাতাল রেল নেটওয়ার্ক গড়ে তোলা হবে। শহরের প্রায় ৮০ শতাংশ স্থানের মানুষ মাত্র এক কিলোমিটার এলাকার মধ্যেই একটি করে পাতাল স্টেশন পাবে। প্রতিদিন প্রায় ১০ লাখ থেকে ৪০ লাখ যাত্রী এটি ব্যবহার করতে পারবে। প্রথম পর্যায়ে সায়েদাবাদ থেকে গাবতলী হয়ে মহাখালী পর্যন্ত ১৭ দশমিক ৫ কি.মি. এবং উত্তরা থেকে মহাখালী হয়ে বিমানবন্দর পর্যন্ত ১৩ দশমিক ৫ কি.মি. রেলপথ নির্মাণ হবে। দ্বিতীয় পর্যায়ে চারটি শাখা লাইনে পল্লবী থেকে মিরপুর ১০ নম্বর হয়ে আইডিবি ভবন, শ্যামলী থেকে জিগাতলা হয়ে শাহবাগ, সায়েদাবাদ থেকে কমলাপুর হয়ে মগবাজার ও বাংলামোটর এবং গুলিস্তান থেকে জজকোর্ট হয়ে সদরঘাট পর্যন্ত রেলপথ নির্মাণ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/১৭৪৫ঘ.