ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মেঘনায় নদীতে শনিবার রাতে অভিযান চালিয়ে জাল, জাটকা ও ইঞ্জিনচালিত নৌকাসহ দুই জেলেকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড।
রোববার দুপুরে পটুয়াখালী শহরের ফায়ার সার্ভিস ঘাটে বিপুল পরিমাণ ফাঁস জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: সদর উপজেলার আনন্দবাজার, কানুদী, আমিরাবাদ এলাকায় শনিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালান কোস্টগার্ড সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আনওয়ারুল করিম।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচ হাজার মিটার কারেন্ট জাল, ২৫ মণ জাটকা এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ আনন্দবাজার এলাকার সালাউদ্দিন (২১) ও জুয়েলকে (১৯) আটক করা হয়।
তিনি জানান, নৌকা ও জেলেদের চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জাটকাগুলো বিতরণ করা হয়েছে এতিমখানা ও গরীবদের মাঝে।
ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল দু'মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
পটুয়াখালী: পটুয়াখালী মৎস্য বিভাগ কোস্টগার্ডে সহায়তায় জাটকা ধরায় ব্যবহৃত বিপুল পরিমাণ ফাঁস জাল আটকের পর রোববার দুপুর ১২টার দিকে সেগুলো পুড়িয়ে ধ্বংস করে।
মৎস্য বিভাগের কর্মকর্তা আনিসুর রহমান জানায়, লোহালিয়া, শৌলা ও জৈনকাঠি নদীতে অভিযান চালিয়ে এসব ফাঁস জাল আটক করা হয়। জালের আনুমানিক দাম আড়াই লাখ টাকা।
কোস্টগার্ডের পটুয়াখালী কন্টিজেন্ট কমান্ডার বিশ্বনাথ ভট্রাচার্য বলেন, "জাটকা সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মৎস্য বিভাগ যখনই চাইবে আমরা তাদের সাহায্য করব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৭ ঘ.
bdnews24