২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষুদ্ধ সংবাদ কর্মীরা রাস্তায়, ৩ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

দেশের গণমাধ্যমের জন্য একটি জাতীয় নীতি প্রণয়ন, অবজারভার-ইত্তেফাক-জনকন্ঠ-দিনকালের বেকয়া বেতনভাতা পরিশোধসহ তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ চেয়েছে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 10:14 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের গণমাধ্যমের জন্য একটি জাতীয় নীতি প্রণয়ন, অবজারভার-ইত্তেফাক-জনকন্ঠ-দিনকালের বেকয়া বেতনভাতা পরিশোধসহ তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ চেয়েছে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদ। রোববার দুপুরে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আহ্বান জানায় তারা। এই দাবির সমর্থনে আগামী ১২ এপ্রিল সারাদেশের সব পত্রিকা ও সংবাদ সংস্থার কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চার ঘণ্টার প্রতীকী ধর্মঘটের কর্মসূচিও ঘোষণা করা হয় সমাবেশে। তিন দফা দাবির মধ্যে রয়েছে- গণমাধ্যমের জন্য জাতীয় নীতি সংসদে প্রণয়ন, অবজারভার-ইত্তেফাক-জনকন্ঠ-দিনকাল-চিত্রালীর বকেয়া পরিশোধ ও চাকুরিচ্যুতদের পুনর্বহাল এবং সব পত্রিকা ও সংবাদ সংস্থায় সপ্তম ওয়েজবোর্ড বাস্তবায়ন। সকাল ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদের উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ হয়। ডেইলি অবজারভার, দৈনিক ইত্তেফাক, দৈনিক জনকন্ঠ , দৈনিক দিনকাল এবং সাপ্তাহিক চিত্তালীর সাংবাদিক-কর্মচারীদের বেতনভাতা ও চাকরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে অবজারভার ও চিত্রালীর সাংবাদিক-কর্মচারীরা ৭৯ মাসের বেতন-ভাতার বকেয়া পাওনার দাবিতে প্ল্যাকার্ড বহন করেন। এছাড়া দৈনিক জনকন্ঠের সাংবাদিক-কর্মচারিদের ছাটাই-বকেয়া পরিশোধ এবং দৈনিক দিনকালের সাংবাদিক-কর্মচারীদের ১৩ মাসের বকেয়া পরিশোধের দাবির ব্যানারও ছিল। বিক্ষোভ সমাবেশে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদের নেতা ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমিন গাজী, ফজলে ইমাম, সরকারি ও বিরোধী দল সমর্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের নেতা আলতাফ মাহমুদ, এম এ আজিজ, শাহ আলমগীর, আবদুস শহীদ, সাইফুল ইসলাম তালুকদারসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা ইত্তেফাক, অবজারভার, জনকন্ঠ, দিনকাল ও চিত্রালীর বর্তমান অচলাবস্থা ও চাকরিচ্যুতির জন্য মালিকপক্ষকে দায়ী করেন। এ ব্যাপারে সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন সাংবাদিক নেতারা। ইকবাল সোবহান চৌধুরী তিন দফা দাবি কাছে তুলে ধরে তা আগামী ১২ এপ্রিলের মধ্যে বাস্তবায়নে সরকারকে সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, "এই সময়ের মধ্যে সরকার দাবি মেনে না নিলে সাংবাদিক-কর্মচারী-শ্রমিক ঐক্য পরিষদ বৃহত্তর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবে।" সমাবেশে আগামী ১২ এপ্রিল সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশেরও কর্মসূচি ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসআইটি/এএল/১৬১৭ ঘ.