ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক কামাল লোহানী (আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক হিসেবে চুক্তিতে নিয়োগ পেয়েছেন।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
এছাড়াও বেশ কয়েকজন কবি, সাহিত্যিককে প্রশাসনের বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, কামাল লোহানী তার যোগদানের দিন থেকে দুই বছরের জন্য ওই পদে নিয়োজিত থাকবেন। কর্মকালে তিনি প্রশাসনের একজন অতিরিক্ত সচিবের পদমর্যাদা ভোগ করবেন। তবে এ জন্য তাকে সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।
বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সাবেক ভাইস-চেয়ারম্যান কবি রবীন্দ্র গোপকে উপ-সচিব পদমর্যাদায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র'র কর্মকর্তা লেখক রশিদ হায়দারকে যুগ্ম-সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে।
কবি মহাদেব সাহাকে উপ-সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে। এসব নিয়োগ যোগদানের দিন থেকে কার্যকর হবে। এজন্য তাদের সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।
এছাড়া নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে ডকুমেন্টেশন অফিসার হিসেবে কর্মরত চৌধুরী সুলতানা পারভীনকে একই স্থানে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিন বছরের জন্য এ নিয়োগ তার যোগদানের দিন থেকে কার্যকর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৫৫৩ ঘ.
bdnews24