২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষুদ্ধ সংবাদকর্মীরা রাস্তায়

বকেয়া বেতন ভাতার দাবি ও চাকরিচ্যুতির প্রতিবাদে চারটি পত্রিকার সংবাদকর্মীরা রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান ধর্মঘট করেছেন। দৈনিক ইত্তেফাক, অবজারভার, জনকণ্ঠ, ও দিনকালের সংবাদ কর্মীদের সঙ্গে বেলা ১১ টার দিকে শুরু হওয়া অবস্থান ধর্মঘটে যোগ দেন সাপ্তাহিক চিত্রালীর কর্মীরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 08:10 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতন ভাতার দাবি ও চাকরিচ্যুতির প্রতিবাদে চারটি পত্রিকার সংবাদকর্মীরা রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান ধর্মঘট করেছেন। দৈনিক ইত্তেফাক, অবজারভার, জনকণ্ঠ, ও দিনকালের সংবাদ কর্মীদের সঙ্গে বেলা ১১ টার দিকে শুরু হওয়া অবস্থান ধর্মঘটে যোগ দেন সাপ্তাহিক চিত্রালীর কর্মীরাও। সংবাদকর্মীরা রোববার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত রাস্তায় অবস্থান শেষে একটি মিছিল বের করেন। এ সময় হাইকোর্টের সামনে থেকে শুরু করে পল্টন মোড় পর্যন্ত রাস্তার দক্ষিণ পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাংবাদিক ইউনিয়নের নেতা ও অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "বকেয়া বেতন আদায়, চারটি পত্রিকার বিভিন্ন সমস্যার সমাধান, সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও চাকরিচ্যুতদের চাকরি ফেরতের দাবিতে আমরা এ সমাবেশ করছি। আগামী ১২ এপ্রিল সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সারা দেশের সব সংবাদপত্রে ও সংবাদ সংস্থায় চার ঘণ্টার প্রতীকি ধর্মঘট এবং সকাল ১১ টায় পুনরায় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ডাকা হয়েছে। সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।" জাতীয় সংবাদপত্র শিল্পনীতি প্রণয়ন করারও দাবি জানান তিনি। সমাবেশে উপস্থিত অনেকের বুকে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার দেখা গেছে। অবজারভারের সাংবাদিকদের বুকের ব্যানারে লেখা ছিল "৭৯ মাসের বেতন না পাওয়ায় আমরা ক্ষুধার্ত"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমডি/জিএনএ/১৪১০ ঘ.