২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো পাঁচ বিডিআর সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরো পাঁচ বিডিআর সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ-পরিদর্শক খন্দকার এখলাসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর হাকিম জুলফিকার হায়াত এবং তোফায়েল হাসান শনিবার তাদের খাস কামরায় বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১৬৪ ধারায় দেওয়া এই জবানবন্দি গ্রহণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 05:47 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরো পাঁচ বিডিআর সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ-পরিদর্শক খন্দকার এখলাসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর হাকিম জুলফিকার হায়াত এবং তোফায়েল হাসান শনিবার তাদের খাস কামরায় বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১৬৪ ধারায় দেওয়া এই জবানবন্দি গ্রহণ করেন। যারা জবানবন্দী দিয়েছেন তারা হলেন নায়েক শেখ মনিরুল ইসলাম, সিপাহী মাসুদ আহমেদ, সিপাহী জফুর আলী, সিপাহী জয়নাল আবেদীন ও সিপাহী রায়হান চৌধুরী। সিআইডির জিজ্ঞাসাবাদ শেষে তারা এই জবানবন্দি দেন। এ নিয়ে মোট ১৪ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। এদিকে শনিবার নতুন করে গ্রেপ্তার হওয়া ১২ বিডিআর সদস্যকে সাতদিনের জন্য সিআইডিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট আব্দুল কাহার আকন্দ জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের সময় চান। কিন্তু মহানগর হাকিম ড. আব্দুল মজিদ সাতদিন সময় দেন। এই ১২ বিডিআর সদস্য হলেন ল্যান্স নায়েক হাফেজ আহমেদ মো. ইসমাইল, সিপাহী শাহ আলম, সিগন্যাল ম্যান নূর আলম, সিগন্যাল ম্যান শামসুল আলম, সিগন্যাল ম্যান মিজানুর রহমান, সিপাহী আবু সাদেক, সিপাহী মাসুম মিয়া, ল্যান্স নায়েক মাসুদুর রহমান, সিপাহী এখলাসুর রহমান, সিপাহী জসীম উদ্দিন, সিপাহী জুলফিকার হোসেন ও সিপাহী মিজানুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/২৩৪৮ ঘ.