ঢাকা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গড়াই নদীর স্বাভাবিক পানি প্রবাহের প্রকল্প দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক কোটি মানুষ, কৃষি এবং পরিবেশের জন্য বিপুল সুফল বয়ে আনতে পারে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি অ্যাড স্পাইকার্স শনিবার এক বিবৃতিতে বলেন, "নদীর পানি প্রবাহ বাড়ানো সম্ভব হলে দুই থেকে আড়াই কোটি গ্রামীণ মানুষের জীবন পুনরুজ্জীবিত হয়ে উঠবে।"
স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গড়াই নদী অঞ্চল পরিদর্শন শেষে স্পাইকার্স বলেন, লবণাক্ততা দূর ও কৃষি উৎপাদন কমে যাওয়ার সমাধান এবং সুন্দরবনের টিকে থাকা অনেকাংশে নদীটির স্বাভাবিক প্রবাহের ওপর নির্ভর করছে।
সুন্দরবন ও উপক ূলীয় অঞ্চলসহ দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের এক সময়ের জীবনীশক্তি হিসেবে পরিচিত গড়াই এখন একটি মৌসুমী নদীতে পরিণত হয়েছে। শুকনো মৌসুমে নদীর কোথাও কোথাও পানিই থাকে না।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কয়েক দশক ধরে নদীটির পানি প্রবাহ বজায় রাখতে হিমশিম খাচ্ছে। অথচ এই নদীর ওপর নির্ভর করছে এ অঞ্চলের সেচ, কৃষি ও প্রতিবেশ। খননের জন্য পাউবো-র প্রচেষ্টা ও বিপুল অর্থ ব্যয় সত্ত্বেও নদীটি সঙ্কুচিত হয়ে গেছে।
স্পাইকার্স বিবৃতিতে বলেন, তিনি নদীটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার ব্যাপারে একটি বিপুল সম্ভাবনা দেখছেন। এজন্য সম্ভাব্য সবচেয়ে ভাল পদ্ধতি খুঁজে দেখতে এই খাতের বিশেষজ্ঞদের সঙ্গে এফএও আলোচনা করছে।
তিনি বলেন, খুলনা ও বাগেরহাট পরিদর্শনকালে এক আলোচনা সভায় একটি টেকসই বিকল্পের জন্য উন্নয়নের অংশীদার মধ্যে তিনি সমন্বয় সাধনের আশ্বাস দেন। সভায় অন্যান্যের মধ্যে পাউবো-র স্থানীয় প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিজি/টিআর/এসকে/২২০৭ঘ.
bdnews24