বান্দরবান, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবান থেকে প্রকাশিত লিটল ম্যাগানিজ সমুজ্জ্বল সুবাতাস এর দেড় যুগ পূর্তি উপলক্ষে শুক্রবার জেলা সদরে দেশের ছয়টি বিভাগের লিটন ম্যাগাজিন সম্পাদক ও লেখকদের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে সম্মিলন উদ্বোধন করেন আদিবাসী লেখক বীর কুমার তঞ্চঙ্গ্যা।
সম্মিলনে ছয় বিভাগের ছয়টি লিটল ম্যাগাজিন ও পার্বত্যাঞ্চলের পাঁচ লেখককে সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত লিটল ম্যাগাজিন সম্পাদকরা হলেন- চট্টগ্রাম বিভাগের লিটল ম্যাগাজিন লিরিক সম্পাদক কবি এজাজ ইউসুফী, ঢাকা বিভাগের লিটল ম্যাগাজিন একবিংশ সম্পাদক আশরাফ হোসেন, বরিশাল বিভাগের জীবনানন্দ সম্পাদক হ্যানরি স্বপন, সিলেট বিভাগের সুনৃত ও খুলনা বিভাগের প্রতিশিল্প সম্পাদক।
এছাড়া বান্দরবানের ক্য শৈ প্র" খোকা, মংক্যাশোয়েনু নেভী, সিংইয়ং ম্রো, রাঙামাটির শিশির চাকমা ও বীর কুমার তঞ্চঙ্গ্যাকে সম্মাননা দেওয়া হয়।
সম্মিলনে কবি আসাদ চৌধুরী বলেন, পাহাড়ি-বাঙালি মিলে মিশে সাহিত্য-সংস্কৃতির চর্চার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করবেন, উন্নয়ন করবেন এটাই প্রত্যাশা।
সম্মিলনে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই।
এছাড়া আরও উপস্থিত ছিলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লিটল ম্যাগাজিন সম্পাদক কবি শহীদ ইকবাল, সমুজ্জ্বল সুবাতাস এর সম্পাদক কবির হাফিজ রশিদ খান, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানরঞ্জন চাকমা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুচিত্রা তঞ্চঙ্গ্যা, বান্দরবান থেকে প্রকাশিত দৈনিক সচিত্র মৈত্রী সম্পাদক অধ্যাপক ওসমান গণি।
সম্মিলনের শেষ পর্বে পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মনিরুল ইসলাম মনু জানিয়েছেন, শনিবার বান্দরবানের থানচি উপজেলা সদরে সম্পাদক, কবি ও লেখকদের সমন্বয়ে দিনব্যাপী আলোচনা সভা ও কবিতা পাঠের অনুষ্ঠান "থানচি কবিতা পূণ্যাহ' হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২২ ঘ.
bdnews24