২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষবিচারপতিদের সমান মর্যাদা চান পিএসসির চেয়ারম্যান, সদস্য

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্যদের সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমান মর্যাদা দেওয়ার সুপারিশ করেছে কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2009, 10:52 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্যদের সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমান মর্যাদা দেওয়ার সুপারিশ করেছে কমিশন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০০৮ সালের বার্ষিক প্রতিবেদনে এ সুপারিশ করা হয়। প্রতিবেদনটি বুধবার সংসদে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, "কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদ মর্যাদা সুপ্রিম কোর্টের বিচারপতিদের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) সমান করা যেতে পারে।" কর্ম কমিশনের সদস্য মো. নুরুন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।" কিন্তু সব সময় এটিকে 'ছোট' করে দেখা হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, কাজের দিক দিয়ে পিএসসি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই কমিশনকে আরো শক্তিশালী করে তোলা দরকার। নুরুন নবী বলেন, "এজন্য কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মর্যাদা আরো বাড়ানো দরকার। আমরা আমাদের রিপোর্টে তা তুলে ধরেছি।" প্রতিবেদনে বলা হয়, কমিশনের মর্যাদা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা সমুন্নত রাখার জন্য এর চেয়ারম্যান ও সদস্যদের রাষ্ট্রীয় পদ মর্যাদা বাড়ানো প্রয়োজন। এতে কমিশনের কার্যকারিতা বৃদ্ধি পাবে। নির্বাহী কর্তৃত্বের প্রভাব থেকে কমিশনকে মুক্ত করার কাজও সহজ হবে। বিদ্যমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে (পদ মর্যাদাক্রম) পিএসসি চেয়ারম্যানের পদ মর্যাদা সচিবের সমান। আর সদস্যরা রয়েছেন অতিরিক্ত সচিবের নিচের সারিতে। শুধুমাত্র নবনিযুক্ত চেয়ারম্যান (ড.সা'দত হুসাইন) মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসর নিয়ে কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগ দেওয়ায় তাকে আগের (মন্ত্রিপরিষদ সচিব) মর্যাদা দেওয়া হয়েছে। ভারত ও পাকিস্তানের কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে ফেডারেল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদ মর্যাদা প্রতিমন্ত্রীর সমান। আর ভারতের টেবল অব প্রিসিডেন্সে ইউনিয়ন অব পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদ মর্যাদা পার্লামেন্ট সদস্যদের চেয়ে চার ধাপ ওপরে। ভারতে রাষ্ট্রীয় পদ মর্যাদার ক্রমানুসারে কমিশন চেয়ারম্যানের অবস্থান ১৭ নম্বরে। ২১ নম্বরে রয়েছেন পার্লামেন্ট সদস্যরা। সরকারি কর্ম কমিশন অধ্যাদেশ অনুযায়ী, চেয়ারম্যানসহ সর্বনিম্ন ছয় এবং সর্বোচ্চ ১৫ সদস্য নিয়ে কমিশন গঠন করা যেতে পারে। বর্তমানে চেয়ারম্যান ও আট সদস্য নিয়ে কমিশনের কাজ চলছে। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা'দত হুসাইন। আট সদস্য হলেন অবসরপ্রাপ্ত কর্নেল অধ্যাপক মাহমুদুর রহমান, মুহাম্মদ আশরাফ, মো. নুরুন নবী, অধ্যাপক সুরাইয়া বেগম, মির্জা সামসুজ্জামান, এ ওয়াই এম মোশাররফ হোসেন, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান এবং এহসান শামীম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিআর/১৬৪২ ঘ.