ঢাকা, ৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও-র নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিডর উপদ্রুত এলাকায় তাদের তিন দিনের সফর শুক্রবার শেষ করেছে।
১ এপ্রিল থেকে তাদের এ পর্যবেক্ষণ মিশন শুরু হয়।
এফএও-র এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম দুদিন দলটি বাগেরহাট ও খুলনার বিভিন্ন এলাকা সফর করে। এসময় তারা ক্ষতিগ্রস্ত ভূমিহীন ও অন্যান্য প্রান্তিক মানুষের মধ্যে কৃষি উপকরণ ও নতুন করে জীবিকা উপার্জনে সহায়ক সামগ্রী সরবরাহ করে।
প্রদত্ত সাহায্যের মধ্যে ছিল ধানবীজ, সার, মাছ ধরার জাল এবং পোল্ট্রি খাদ্যসহ হাঁস ও মুরগি।
এফএও-র বাংলাদেশ প্রতিনিধি অ্যাড স্পাইকার্সের নেতৃত্বে এ দলটিতে ছিলেন কয়েকজন জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি পুনর্বাসনের কার্যকর উপায় খুঁজে বের করা ছিল তাদের এ মিশনের উদ্দেশ্য।
বৃৃহস্পতিবার দলটি ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম শরণখোলা, রায়েন্দা, রাজেশ্বর, লাকুরতলা সফর করেন এবং সেখানে কৃষি ও জীবিকা সহায়ক উপকরণ বিতরণ করেন।
সিডর আঘাত হানার পর থেকে এফএও এ পর্যন্ত পনেরো লাখের বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে কৃষি উপকরণ দিয়েছে।
এফএও মিশন সেখানে দুটি ফার্মারস ফিল্ড স্কুল পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করে। প্রকল্পের সুবিধাভোগীদের অনেকে তাদের বলেন, লবণাক্ততায় আক্রান্ত এলাকায় স্বাদু পানির সেচের ব্যবস্থা করা গেলে তারা দুই মৌসুমেই ধান চাষ করতে পারতেন। মাঝখানে হতো আলু, ভুট্টা, সবজি ও ডালের মতো বিভিন্ন ফসল।
এফএও প্রতিনিধি অ্যাড স্পাইকার্স বলেন, "আমরা সরকারের মতো অভিন্ন লক্ষ্যে বিশ্বাস করি বলেই এখানে এসেছি। আমরা মনে করি বাংলাদেশের উন্নয়নের জন্য কৃষি অন্যতম চালিকাশক্তি।"
এফএও প্রতিনিধি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যথাযথ সেচের ব্যবস্থা করা গেলে এ অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা তাদের অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য উদ্বৃত্ত শস্যের একটা অংশ বিক্রিও করতে পারবে। এ লক্ষ্যে তিনি বিদ্যমান খালগুলোর সংস্কার, জলাধার নির্মাণ, শস্য বহুমুখীকরণ ও লবণাক্ততা সহনীয় জাত উদ্ভাবন করার ওপর জোর দেন। প্রযুক্তি,বিনিয়োগ ও ব্যবস্থাপনার কথাও উল্লেখ করেন তিনি।
কৃষি খাতের জরুরি পুনর্বাসন ও জীবিকার পুনর্বাসন কর্মসূচির আওতায় তারা আগের দিন বাগেরহাটের মোরেলগঞ্জে অনুরূপ কর্মকাণ্ডে অংশ নেন।
গড়াই নদীর পানি দিয়ে ভূ-উপরিস্থ সেচের সম্ভাবনা নিয়েও তারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৫৪৪ঘ.
bdnews24