ঢাকা, ০২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক স্তরের পাঠ্যবই সংকট নিরসনে এখন থেকে প্রতি বছর অক্টোবরের মধ্যে বই ছাপার কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বই ছাপার কাজে সব পর্যায়ের প্রকাশকদের অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা পর্যায়েও দরপত্র জমা দেওয়ার ব্যবস্থা করবে সরকার।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান বলেন, "পাঠ্যবই সংকট নিরসনে আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। এজন্য প্রতিবছরের ৩১ অক্টোবরের মধ্যে বই ছাপার কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
জেলা পর্যায়ের প্রকাশকদের অংশগ্রহণের সুবিধার্থে জেলা পর্যায়েও দরপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে শিক্ষা সচিব বলেন, "যদি দেখা যায় দরপত্র অনুযায়ী তারা (জেলা পর্যায়ের প্রকাশক) যোগ্য তাহলে তারাও বই ছাপার সুযোগ পাবে।"
বর্তমানে শুধু ঢাকার প্রকাশকদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়।
বই ছাপার কাজে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সৈয়দ আতাউর রহমান বলেন, "ইতোমধ্যে ১৮টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।"
এদিকে, প্রাথমিক বিদ্যালয়ের মতো মাধ্যমিক স্তরেও বিনামূল্যে বই বিতরণের জন্য কাজ শুরু হয়েছে বলে জানান শিক্ষা সচিব।
তিনি বলেন, "আমরা এ বিষয়ে প্রায় তিনশ' কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। টাকার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা এ বিষয়ে আগামী বাজেটেও প্রস্তাব রেখেছি। তবে এখন বই ছাপার দিকেই মনোযোগ বেশি। বিনামূল্যে বই দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হলে আমরা প্রকাশকদের টাকা দিয়ে দেব এবং এনসিটিবির মাধ্যমে মাধ্যমিকের বইও বিতরণ করবো।"
বিদায়ী তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০১০ সাল থেকে মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য ২৮৩ কোটি টাকা ব্যয়ের হিসাব করা হয়। আর এই অর্থ শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে যোগান দেওয়া সম্ভব বলে তখন মতামত দেওয়া হয় ।
বর্তমানে মাধ্যমিক স্তরের বই বেসরকারি পর্যায়ে বাজারজাত করা হচ্ছে। এতে বাজার থেকে বই কিনতে গিয়ে শিক্ষার্থীরা নানা ভোগান্তিতে পরছেন বলে অভিযোগ রয়েছে।
নিম্ন মাধ্যমিক (ষষ্ঠ থেকে অষ্টম) ও মাধ্যমিক (নবম থেকে দশম শ্রেণী) স্তরের শিক্ষার্থীদের যথাসময়ে পাঠ্যবই প্রাপ্তি নিশ্চিত করতে গঠিত জাতীয় বিশেষজ্ঞ কমিটির প্রধান অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামানও মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভায় মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই দেওয়ার কথা তুলে ধরেন।
অন্যদিকে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর চেয়ারম্যান অধ্যাপক খান হাবিবুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিনামূল্যে বই দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে।"
বই ছাপার প্রক্রিয়া শুরুর কথা উল্লেখ করে এনসিটিবি'র চেয়ারম্যান আরও বলেন, "আমরা এখন থেকেই বই ছাপার প্রক্রিয়া শুরু করেছি। এখন কাগজ সংগ্রহের কাজ চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এইচএ/২০২৭ঘ.
bdnews24